সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বানভাসি মানুষের উদ্ধার এবং ত্রাণ সহায়তায় বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সরকারের সংস্থাগুলোর সমন্বয়হীনতা দূর করার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
শনিবার (২৪ আগস্ট) বিকালে রাজধানীর বিজয়নগর পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ আহ্বান জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।
ভয়াবহ বন্যায় দূর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে এবি পার্টি একটি কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন করেছে। সংবাদ ব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও কেন্দ্রীয় নেতা লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিন প্রমুখ।
অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, আকস্মিক এই বন্যায় সারাদেশের মানুষ দূর্গত মানবতার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্রদের আহ্বানে সাড়া দিয়ে লাইন ধরে মানুষ সহোযোগিতার জন্য এগিয়ে এসেছে। বহু মানুষ নিজেরা সেখানে সহায়তা নিয়ে গিয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি, স্বেচ্ছাসেবী ও সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে ব্যাপক সমন্বয়হীনতা রয়েছে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা ব্যক্তিগতভাবে দূর্গত এলাকায় না গিয়ে সেনাবাহিনী অথবা বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সমন্বয় করে কাজ করলে সঠিক জায়গায় এাণ সহায়তা পৌঁছাতে সক্ষম হবো।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, আকস্মিক এই বন্যার কারণ আমাদের খতিয়ে দেখতে হবে। মাস দুয়েক আগেই একনেকের বৈঠকে আগস্টের বন্যা নিয়ে আলোচনা হয়েছিল। সেই হিসেবে রাষ্ট্রের কোন না কোন অংশ এটা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। কিন্তু দুঃখজনক বিষয় হল আমাদের আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আমরা আগাম কোন সতর্কতা পাইনি। এটা নিয়ে সরকারকে বিশেষভাবে অনুসন্ধান করার আহ্বান জানান।
বন্যায় ভারতের ভুমিকা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক নদীসমুহে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার, নদীগুলোর ইন্টার কানেক্টিভিটির মাধ্যমে পানির প্রবাহ ভিন্ন দিকে প্রবাহিত করা, এমনকি বাঁধের পানি ছাড়ার আগে কোন ধরনের অবহিত না করা পুরোটাই অপরাধ। সরকারকে আন্তর্জাতিক বিধি লঙ্ঘনের দায়ে ভারতের বিরুদ্ধে জাতিসংঘ, কমনওয়েলথসহ আন্তর্জাতিক সব সংস্থায় অভিযোগ করার আহ্বান জানান।
লে. কর্ণেল হেলাল উদ্দিন বলেন, আমাদের সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দূর্গত এলাকায় এখন প্রচুর স্বেচ্ছাসেবক অবস্থান করছেন। যারা ত্রাণ সহায়তা করতে চান তারা সমন্বয় করে দিলে আমরা শৃঙ্খলার সঙ্গে বিতরণ করতে পারব। বর্তমানের চাহিদা ও দূর্যোগ পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা সাপেক্ষে সার্বিক সহায়তা করবে এবি পার্টি।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্য সচিব এম আমজাদ খান, মহানগরী উত্তরের সদস্য সচিব সেলিম খান, যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, কেন্দ্রীয় কমিটির সদস্য আমেনা বেগম, রুনা হোসাইন, শাহিনুর আক্তার শীলা, আব্দুর রব জামিল প্রমুখ।
শফিকুল ইসলাম/এমএ/