ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, সংস্কারবিহীন যেনতেন কোনো নির্বাচন আয়োজন দেশের জনগণ মেনে নিবে না।
তিনি বলেন, ‘সরকারের উচিত দেশের সিংহভাগ রাজনৈতিক দলের মতামতের গুরুত্ব দিয়ে পিআর পদ্ধতির নির্বাচনব্যবস্থা চালু করা। বাংলাদেশের মানুষ যাতে নতুন করে আর কোনো ফ্যাসিবাদের যাতাকলে পিষ্ট না হতে হয় সেদিকে মনোযোগ দেওয়া।'
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর ও থানা কমিটির যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইমতিয়াজ আলম বলেন, 'অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংসে দেশের জনগণ জুলাই বিপ্লবের প্রতিফলন দেখতে চায়। কোনো দলের কাছে নতি স্বীকার না করে জনতার আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার সামনে এগুবে এটাই আমাদের প্রত্যাশা।'
যৌথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আনোয়ার হোসাইন, আলহাজ আবদুল আউয়াল মজুমদার, আলহাজ ফজলুল হক মৃধা, আলহাজ নজরুল ইসলাম খোকন, শেখ আবু তাহের, মাওলানা মুফতি আবদুল আহাদ, মাওলানা নাজিমুদ্দিন প্রমুখ।
সূত্র: বাসস
সিফাত/