আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের মানুষ ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে অনেক গর্বিত। কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে কচলানোর রাজনীতি মানুষ পছন্দ করেন না। আর ২৪ আমাদের ইতিহাসের গর্বের বিষয়। ২৪-এর চেতনা বেচাকেনা মানুষ পছন্দ করবেন না। ধর্মের ভিত্তিতে মানুষ রাজনীতি করবেন, ধর্মকে বেচাকেনা করাও মানুষ পছন্দ করেন না। তাই মুক্তিযুদ্ধ ও ধর্ম সবার ঊর্ধ্বে রেখে রাজনীতি করা উচিত।
শনিবার (৩ মে) দুপুরে বরিশাল প্রেসক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী ও বরিশাল বিভাগের উন্নয়ন কার্যক্রম বিষয়ে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমার রাজনীতির কোনো ক্ষুধা নেই। কিন্তু গত ৫ বছরে ধরে আমরা যে কাজটি করেছি, তা হলো তৃতীয় ধারার একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা। বংশীয় রাজনীতি থেকে বের হয়ে গণতান্ত্রিক রাজনীতি সৃষ্টি করা।’
করিডর নিয়ে তিনি বলেন, ‘জাতিসংঘ যদি কোনো মানবিক করিডর চায়, তাহলে বাংলাদেশে সরকার দিতে পারে। কিন্তু সরকার ফাইনালি দেবে কি না, সেটা দেখার বিষয়। এ বিষয়ে গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলো নিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া দরকার বলে এবি পার্টি মনে করে। আমরা দুনিয়ার বিভিন্ন অভিজ্ঞতায় দেখেছি মানবিক করিডর দিন শেষে আর মানবিক থাকে না, অমানবিক, সামরিক হয়ে যায়। গৃহযুদ্ধ তৈরি হয়।’
নির্বাচনের ডেডলাইন নিয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা যে সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুন, এটা যথেষ্ট যৌক্তিক। তার এই রোডম্যাপের ওপর আমরা ভরসা রাখতে চাই।’