আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান তার নিজ এলাকা মেহেন্দিগঞ্জে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনার সমাজের আয়না, সত্য তুলে ধরুন।
মনোনয়ন ঘোষণার পর সোমবার (১০ নভেম্বর) প্রথম নিজ জন্মভূমি মেহেন্দিগঞ্জে আসেন তিনি।
মেহেন্দিগঞ্জ এসেই সবার আগে মেহেন্দিগঞ্জ উপজেলার পেশাজীবী ৪ টি সাংবাদিক সংগঠন যথাক্রমে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ মতবিনিময় সভা করেন রাজিব আহসান। এ ছাড়াও বরিশাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রাজিব আহসান তার আগামীর কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন।
এ সময় রাজিব আহসান বলেন, 'ছোটোবেলা থেকেই অবহেলিত মেহেন্দিগঞ্জ এই শব্দটা শুনতে শুনতে নিজের মধ্যে একটা অনুশোচনা কাজ করে। নিজেদেরকে অনেক ছোট মনে হয়। ইনশাল্লাহ আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে মেহেন্দিগঞ্জের নামের আগে অবহেলা কথাটি আর থাকবে না।'
তিনি বলেন, 'আগামীতে বিএনপি সরকার গঠন করলে কাজিরহাট থানাকে উপজেলায় রুপান্তর করা হবে। সেখানে একটি উপজেলার বিদ্যমান সব সুযোগ-সুবিধা পাবে নাগরিকরা।'
রাজিব আহসান বলেন, 'আমাকে যদি আপনারা নির্বাচিত করেন আমি বলতে পারি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমি সবচেয়ে বেশি উন্নয়ন বরাদ্দ এনে দেব এবং সেই সম্পর্ক নেত্রীর সঙ্গে আমার আছে।'
সাংবাদিকদের উদ্দেশ্যে রাজিব আহসান বলেন, আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব মর্যাদার সঙ্গে পালন করুন। আপনারা সমাজের আয়না। সত্য তুলে ধরুন। সেটা যদি আমার বিরুদ্ধেও যায় তাও তুলে ধরবেন। তবে অবশ্যই সংবাদটি নিরপেক্ষতার সঙ্গে করবেন।
তিনি আরও বলেন, 'আমি কথা দিচ্ছি বিএনপি থাকা অবস্থায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হামলা তো দূরের কথা আপনাদেরকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আপনারা স্বাধীনভাবে আপনাদের কাজকর্ম চালিয়ে যাবেন। একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমি আপনাদের সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করছি।'
মতবিনিময় সভা শেষে রাজিব আহসানের উদ্যোগে আগত সাংবাদিকদের নিয়ে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১টায় উপজেলা মাল্টিপারপাস কক্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দীনু, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ খানসহ আরও অনেকে।
রিফাত/মেহেদী/