চাঁপাইনবাবগঞ্জে সাবেক দুই এমপির দুটি আসনে প্রার্থীতা পরিবর্তনের দাবিতে কর্মী সভা ও মশাল মিছিল করেছে বিএনপির একাংশ নেতাকর্মীরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নাচোল ডাকবাংলো চত্বরে কর্মী সভা করেন মনোনয়নবঞ্চিত নেতাসহ বিএনপির অন্যান্য নেতারা। এছাড়া, রাতে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপির রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহীন শওকতের সমর্থকরা সোনামসজিদ ট্রাক টার্মিনাল এলাকায় মশাল মিছিল করেন।
কর্মী সভা ও মশাল মিছিল থেকে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি জানানো হয়। নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হকের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য দেন, বিএনপি নেতা ও মনোনয়ন প্রত্যাশী ইমদাদুল হক মাসুদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজা হক শুচি, জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মী সভায়, বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আমিনুল ইসলামের প্রার্থীতা বাতিলের দাবি জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
এদিকে, রাতে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মনোনয়নবঞ্চিত বিএনপির রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহীন শওকতের সমর্থকরা প্রার্থীতা পরিবর্তনের দাবিতে সোনামসজিদ ট্রাক টার্মিনাল এলাকায় মশাল মিছিল করেন। এ সময় বিএনপির একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীরা জানান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞার প্রার্থীতা পরিবর্তনের দাবি তাদের। তারা আরও জানান, সৈয়দ শাহিন শওকতকে মনোনয়ন দেওয়া হোক, যিনি তৃণমূলের নেতাকর্মীদের কাছে অধিক গ্রহণযোগ্য।
মো. আসাদুল্লাহ/নাঈম