সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা প্রয়োজন এমন মন্তব্য করেছেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজনে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় মুন্সীগঞ্জের উপকণ্ঠে আনন্দ কমিউনিটি সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ, সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুসরণ ও অংশীজনদের যথাযথ ভূমিকা পালন, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন, জনগণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতির বিস্তার নিয়ে বিশ্লেষণধর্মী ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘দেশ ও জাতির কল্যাণে গণতান্ত্রিক চর্চা ও সুষ্ঠু নির্বাচনের বিষয়টি নিশ্চিত করার জন্য সুজন কাজ করে যাচ্ছে। নতুন ভোটারদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করাই আমাদের লক্ষ্য। সরকারের ১১ দফা সংস্কার নিয়ে কাজ করছে সুজন। সারাদেশে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে নাগরিক ভাবনাগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন নিশ্চিত করতে সুজনের সব প্রকার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।’
বৈঠকে জেলার বিভিন্ন পেশার মানুষ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।
এ সময় মুন্সীগঞ্জ সুজনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জানে আলম প্রিন্সের সঞ্চালনায় এবং সুশাসনের জন্য নাগরিক মুন্সীগঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় কো-অর্ডিনেটর জিল্লুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, রহমত উল্লাহ দেওয়ান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, সংগঠক রাজ মল্লিক, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুর রহমান রলিন, আজকের পত্রিকার মো. মাসুম, আপন সরদার, অনিক শেখ, জেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামালসহ জেলার নানা পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
সুমন/রিফাত/