বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাসহ একাধিক মামলায় কারান্তরীণ জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর পক্ষে বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ ঘটনাকে ঘিরে আসনটিতে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে টিপুর দুই অনুসারী বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে শাওন নামে এক যুবক টিপুর পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, ‘জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর পক্ষে দুইজন ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলটি নিবন্ধিত রাজনৈতিক দল হওয়ায় মনোনয়নপত্র দিতে কোনো বাধা নেই।’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু বরিশাল-৩ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য। তিনি ২০২৪ সালের ১৪ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হন। বর্তমানে বিএনপির অফিস পোড়ানো ও বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাসহ একাধিক মামলায় তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
বরিশাল-৩ আসনে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। জামায়াতে ইসলামীর প্রার্থী বরিশাল মহানগর আমির জহির উদ্দিন মুহা. বাবর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।
কারাগারে থাকা টিপু শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে এ আসনের ভোটের হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
আগামী ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
সবুজ/রিফাত/