আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
পোস্টে রাশেদ প্রধান লেখেন, ‘পরিস্থিতি যাই হোক, আমরা সবাই রাজপথের সাথী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। অতএব বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ ও সমর্থকদের বিনয়ের সঙ্গে অনুরোধ করছি-আপনারা দয়া করে একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও শব্দ ব্যবহার থেকে বিরত থাকবেন।’
তিনি আরও লেখেন, “ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি এবার নির্বাচনে অংশ নেব না। গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নেব, ইনশাআল্লাহ। আমাকে যারা ভালোবাসেন, তারা দয়া করে মন খারাপ করবেন না। ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে আমাদের সমঝোতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমাকে যারা ঘৃণা করেন, আপনারা আপনাদের চিরাচরিত ‘সুমধুর’ ভাষায় গালিগালাজ শুরু করতে পারেন। মহান রাব্বুল আলামিন আল্লাহ আমাদের ঐক্যের এই প্রচেষ্টা দেশের স্বার্থে কবুল করুন, আমিন।”
এর আগে, রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টির পক্ষ থেকে পঞ্চগড়-১ (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী) ও পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) আসনে প্রার্থিতা করার ঘোষণা দিয়েছিলেন। তবে হলফনামা সংক্রান্ত জটিলতার কারণে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। পরে আপিলে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে ১১ দলের পক্ষে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। অন্যদিকে পঞ্চগড়-২ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সফিউল্লাহ সুফি।
শফিকুল/এসজি/