কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল। ছবি: খবরের কাগজ
পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু অনুসারী উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।
স্থানীয় যুবদল সুত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা প্রকাশ্যে নাশকতা, অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে আশঙ্কায় যুবদল এ প্রতিবাদ কর্মসূচি নেয়।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকা কেন্দ্রীয় বাসটার্মিনাল, রেলগেট, বাজার এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নেয় এবং বেলা ১১টায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে।
যুবদল নেতাকর্মী ছাড়াও বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে প্রতিবাদ মিছিলটি রেলগেট ট্রাফিক মোড় সংলগ্ন বিএনপি দলীয় কার্যালয় থেকে শুরু হয় এবং বাজারের ১নং গেটে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিরক সরদার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আউয়াল কবির, ছাত্রদল নেতা তৌফিক আলম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুর রহমান জুয়েল প্রমুখ।
বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, রাজনীতি করতে চাইলে আইনি বৈধতা নিয়ে রাজনৈতিক কর্মসূচি দেবেন, কিন্তু নিষিদ্ধ থাকা অবস্থায় রাজপথে আসার চেষ্টা করবেন না, করলে বিএনপি নেতাকর্মীরা বসে থাকবে না। আপনাদের প্রতিহত করার জন্য আমরা সবসময় প্রস্তুত।
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীর ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নিপীড়নমূলক হামলা চালিয়েছিল, তা দেশের মানুষ ভুলে নাই। এখন তারাই ঘরে বসে দেশের অস্থিরতা সৃষ্টির জন্য তৎপরতা শুরু করেছে। বিষয়টি গুরুত্বসহ দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বক্তারা আহ্বান জানান।
জাহাঙ্গীর হোসেন/থিওটোনিয়াস