ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুঘাট দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার অধীন গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ বলেন, সংঘর্ষটি হয়েছে বালুঘাট দখলকে কেন্দ্র করে। এ ঘটনায় কেন্দ্রীয় সিদ্ধান্তে মুক্তার হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজ-সংলগ্ন ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা চরটি চরআলগী মৌজার বাসিন্দাদের মালিকানাধীন। দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে বালু উত্তোলন হয়ে আসছিল। এ নিয়ে আগে একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনের অনুসারীরা চরআলগী মৌজায় সাত্তার, বাবুল ও সাদেক নামে কয়েকজনের জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করে। এ সময় জমির মালিকরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামবাসীও সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে গ্রামবাসীর ধাওয়ায় প্রতিপক্ষরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সরকারি কলেজের সামনে সড়কে ফেলে রাখা ১১টি মোটরসাইকেলে আগুন দেয় উত্তেজিত জনতা। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।
কামরুজ্জামান/এসজি/