ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব হাফেজ আজিজুল হককে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তাকে বহিস্কার করা হয়।
বুধবার (৮ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য ময়মনসিংহ উত্তর জেলাধীন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব হাফেজ আজিজুল হককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এর আগে উপজেলা বিএনপির এই সদস্যসচিবের মালিকানাধীন সোয়াদ ফিলিং স্টেশন থেকে প্রায় ৫০ হাজার লিটার পেট্রল গায়েব হওয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজার জলিল হেসেন রিফাতকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার ময়মনসিংহ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ তথ্য উঠে আসে। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির।
এদিকে মঙ্গলবার রাতেই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী আফসারুল ইসলাম বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে অবস্থিত মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন এ মাসের ১, ২ ও ৩ তারিখে ১৩ হাজার ৫০০ লিটার করে মোট ৪০ হাজার ৫০০ লিটার পেট্রল এবং ৬ ও ৭ এপ্রিল ৯ হাজার লিটার করে মোট ১৮ হাজার লিটার পেট্রল বরাদ্দ পায়। জ্বালানি সংকট মোকাবিলায় জ্বালানির নিরীক্ষা অভিযান মঙ্গলবার চালানো হয়। কিশোরগঞ্জের ভৈরববাজার ডিপো থেকে মোট ৫৮ হাজার ৫০০ লিটার পেট্রল বরাদ্দ পায়।
গ্রেপ্তার ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত ভ্রাম্যমাণ আদালতকে নিশ্চিত করেন, এ মাসে এ পর্যন্ত ৯ হাজার লিটার পেট্রল বিক্রি করা হয়েছে। এর প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত নিশ্চিত হয়- ফিলিং স্টেশনটি অবৈধভাবে তেল ব্যবসা বা মজুতের সঙ্গে জড়িত।
এ প্রসঙ্গে হাফেজ মো. আজিজুল হক সংবাদমাধ্যমকে বলেন, ‘ফিলিং স্টেশনের ম্যানেজারের কয়েক দিন হলো নিয়োগ হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আমার ম্যানেজার সঠিক তথ্য উপস্থাপন করতে পারেননি। যে পরিমাণ তেল পেয়েছি, তার সবটুকুই বিক্রি করেছি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমার ও ফিলিং স্টেশনের নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জ্বালানি তেল মজুত ও কালোবাজারির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।’
শফিকুল ইসলাম/