ভারতের পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিগত সময়ে যারা পশ্চিমবঙ্গের সরকারে ছিলেন, তাদের সঙ্গে খুব সুসম্পর্ক না থাকলেও তারা বাংলাদেশকে নিয়ে বর্তমানে যারা আসছেন, তাদের মতো ‘বাজে’ মন্তব্য করতেন না।
এখন ‘উগ্রপন্থীরা’ সেখানে ক্ষমতায় আসছে, এমন শঙ্কা প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, আগামী দিনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বা পরিস্থিতি কী রকম হবে, তা নিয়ে এক ধরনের শঙ্কা আছে। নতুন নির্বাচিত সরকারকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা না বলার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এ কথা বলেন। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের এনসিপিতে যোগদান উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিএনপি ও দলটির নেতাদের কড়া সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, বিএনপি ভুল রাজনীতি করছে। তাই তরুণ প্রজন্ম এবং নেতাদের সন্তানরাও বিএনপিকে প্রত্যাখ্যান করছে। বিএনপির শীর্ষ নেতা এমনকি স্থায়ী কমিটির সদস্যদের সন্তানেরাও তাদের রাজনীতি পছন্দ হচ্ছে না। তাদের সন্তানরা এনসিপির সঙ্গে যোগাযোগ করছে তাদের ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টিতে দেখতে পারেন।
বিএনপির কার্যক্রমকে ‘ভুল রাজনীতি’ আখ্যা দিয়ে এনসিপির মুখপাত্র আসিফ বলেন, সরকারি দল থেকে তখন প্রতিশ্রুতিও পেয়েছি যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। গণভোটের রায় বাস্তবায়ন করবে। কিন্তু এখন আমরা দেখছি যে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং সেটা তারা বুক ফুলিয়ে সংসদে দাঁড়িয়ে বলছেও। এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।
প্রধানমন্ত্রীর প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, হুসাইন মুহম্মদ এরশাদ যেমন সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন; তারেক রহমান ঠিক এরশাদের মতো রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন। তারা বারবার গণতন্ত্রকে তাদের একমাত্র রাজনীতির বস্তু হিসেবে ব্যবহার করেছেন।
এ সময় জামায়াত নেতাদের সন্তানসহ অনেকেই এনসিপিতে অনুষ্ঠিানিকভাবে যোগ দিয়েছন। এর মধ্যে আছেন- জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাদিমুর রহমান, হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ও এম এ এইচ আরিফ। এর মধ্যে নাদিমুর রহমান ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। এ ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেওয়া আন্দোলনকারীরাও দলটিতে যোগ দেয়। নতুন যোগদান করা ব্যক্তিদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন নোয়াখালী–৬ আসনের সংসদ সদস্য ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, ওয়ারিয়র্স অব জুলাইয়ের সভাপতি সালমান হোসেন, সহসভাপতি গাজী আতিকুল ইসলাম, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, অধ্যাপক এম এ এইচ আরিফ প্রমুখ।
রাজু/নাঈম