স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনকে সামনে রেখে দেশের নির্বাচন ব্যবস্থাপনা আরও সমন্বিত ও সময়োপযোগী করতে ‘ইলেকশন সিডিউল ম্যানেজমেন্ট মডিউল (ইএমএস)’ নামে নতুন সফটওয়্যার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সফটওয়্যারের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত তথ্য হালনাগাদ রাখা এবং তফসিল ঘোষণার প্রক্রিয়া সহজ ও কার্যকর করা হবে বলে জানিয়েছে কমিশন।
বৃহস্পতিবার (৭ মে) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
ইসি কর্মকর্তারা বলছেন, নতুন এ সফটওয়্যার চালুর ফলে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণ, তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সমন্বয় বাড়বে। পাশাপাশি নির্বাচন তফসিল ঘোষণার ক্ষেত্রে বিলম্ব কমিয়ে পুরো প্রক্রিয়াকে আরও কার্যকর করা সম্ভব হবে।
ইসি জানিয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠান- সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল সময়মতো ঘোষণার সুবিধার্থে নির্বাচনি ক্যালেন্ডারভিত্তিক এই সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ, গেজেট প্রকাশ, শপথ গ্রহণ ও প্রথম সভার তারিখসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা হবে।
এ ছাড়া ওয়ার্ড বিন্যাস, ভোটার তালিকা পুনর্বিন্যাস এবং মামলা-সংক্রান্ত তথ্যও সফটওয়্যারে অন্তর্ভুক্ত থাকবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তারা এ সফটওয়্যারে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করবেন। আগামী ১৫ মে’র মধ্যে তথ্য এন্ট্রি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তারা তথ্য এন্ট্রির কার্যক্রম মনিটরিং করবেন। মাঠপর্যায় থেকে দেওয়া তথ্য যাচাই-বাছাই করে তারা প্রত্যয়ন দেবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগ সফটওয়্যারটির তথ্য এন্ট্রি ও মনিটরিং কার্যক্রমে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেবে বলেও জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় লিংক ও ব্যবস্থাও তারা নিশ্চিত করবে।
এলিস/এসজি/