প্রচণ্ড গরমের এ সময়ে রাজধানী ঢাকা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে, জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে ঘন ঘন ও দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হচ্ছে।
এ পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শহরাঞ্চলে ব্যবসাবাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ নানা খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে গ্রামাঞ্চলেও কৃষিকাজ, সেচব্যবস্থা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছেন। অনেক শিক্ষার্থী রাতে পড়াশোনার অনুকূল পরিবেশ পাচ্ছে না, যা তাদের শিক্ষাজীবনে বিরূপ প্রভাব ফেলছে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি আধুনিক ও উন্নয়নমুখী রাষ্ট্রের অন্যতম মৌলিক প্রয়োজন। তাই জ্বালানি খাতে কার্যকর ও দূরদর্শী পরিকল্পনা গ্রহণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। একই সঙ্গে সংকটের প্রকৃত অবস্থা সম্পর্কে জনগণকে অবহিত করা এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ও বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
খান ইয়ামিন
আহ্বায়ক, আলেয়া সুলতানা স্মৃতি পাঠাগার
২ নম্বর হাবেলী গোপালপুর, মুজিব সড়ক, সদর, ফরিদপুর
[email protected]