ঈদ মানেই আনন্দ, ভালোবাসা ও সবার সঙ্গে সুখ ভাগাভাগি করার এক অনন্য উপলক্ষ। ঈদুল ফিতর আমাদের বড় ধর্মীয় উৎসবগুলোর একটি। এ দিনটি মুসলিম জাতির জীবনে ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। নতুন পোশাক, সুস্বাদু খাবার এবং আত্মীয়-স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্যদিয়ে ঈদের উৎসব উদ্যাপিত হয়। ইসলাম ধর্মে দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সহানুভূতি দেখানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ঈদের আগে ফিতরা প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে। যাতে সমাজের দরিদ্র মানুষও ঈদের আনন্দে অংশ নিতে পারে।
একইভাবে জাকাত ও দানের মাধ্যমে সচ্ছল মানুষ তাদের সম্পদের একটি অংশ গরিবদের মাঝে বণ্টন করতে পারেন। ফলে সমাজে অর্থনৈতিক বৈষম্য কিছুটা হলেও কমে এবং পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি পায়। ঈদের সময় অনেক দরিদ্র পরিবার নতুন কাপড়, ভালো খাবার বা সামান্য আনন্দ থেকেও বঞ্চিত থাকে। অথচ সমাজের বিত্তবান মানুষ যদি সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে সেই পরিবারগুলোও ঈদের দিনটি আনন্দের সঙ্গে কাটাতে পারেন। একটি নতুন পোশাক, কিছু খাবার বা সামান্য আর্থিক সহায়তা অনেক দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারে। গরিব মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। তবেই ঈদের উৎসব সত্যিকার অর্থেই অর্থবহ ও আনন্দময় হয়ে উঠবে।
মুহাম্মদ জাহাঙ্গীর ইসলাম
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
[email protected]