ঐতিহ্য, স্থাপত্য আর প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব মেলবন্ধন যেন টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি। লাল-সাদা রঙের দৃষ্টিনন্দন প্রাসাদ, বিশাল পুকুর, সবুজে ঘেরা প্রাঙ্গণ- সব মিলিয়ে এটি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় ঐতিহাসিক স্থান। ব্রিটিশ আমলের জমিদারদের ঐশ্বর্য ও রুচির নিদর্শন এ বাড়ি আজও দর্শনার্থীদের মুগ্ধ করে রাখে। বিশেষ করে ঈদের ছুটিতে এখানে মানুষের ঢল নামে। পরিবার-পরিজন নিয়ে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে। শিশুদের কোলাহল, তরুণদের ছবি তোলার ব্যস্ততা, আর বয়স্কদের স্মৃতিচারণ- সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। ঈদের আনন্দ যেন এই ঐতিহাসিক প্রাঙ্গণে আরও রঙিন হয়ে ওঠে।
তবে দর্শনার্থীর ভিড়ের সঙ্গে সঙ্গে দায়িত্ববোধও জরুরি। অনেক সময় অসচেতন আচরণে পরিবেশ নষ্ট হয়, যা এ ঐতিহ্যবাহী স্থানের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তাই আনন্দের পাশাপাশি সচেতনতা ও শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। মহেরা জমিদার বাড়ি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ঈদের আনন্দকে আরও অর্থবহ করতে এমন ঐতিহ্যবাহী স্থানগুলোতে ভ্রমণ যেমন আনন্দ দেয়, তেমনি আমাদের শেকড়ের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়।
মোহাম্মদ সিফাত মিয়া
শিক্ষার্থী, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
[email protected]