বর্তমানে দেশে হামের প্রকোপ যে হারে বাড়ছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। অনেক অভিভাবকই হামকে সাধারণ জ্বর বা দানা ওঠা মনে করে ঘরোয়া চিকিৎসায় সীমাবদ্ধ থাকেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, হাম কোনো সাধারণ অসুখ নয়। সঠিক সময়ে চিকিৎসা ও টিকা নিশ্চিত না করলে এটি শিশুর নিউমোনিয়া, স্থায়ী অন্ধত্ব, মস্তিষ্কের প্রদাহ (এনসেফালাইটিস), এমনকি অকাল মৃত্যুর কারণ হতে পারে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে হাম রুখতে টিকার কোনো বিকল্প নেই। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আগে টিকা দেওয়া থাকলেও বর্তমান প্রাদুর্ভাবের কারণে সরকার শিশুদের বিশেষ ‘অতিরিক্ত ডোজ’ দেওয়ার পরামর্শ দিচ্ছে। অনেক অভিভাবক ভয় পেয়ে বা বিভ্রান্ত হয়ে টিকা নিতে দ্বিধা করছেন। অথচ একটি টিকাই পারে আপনার শিশুর জীবন বাঁচাতে। ভয় বা কুসংস্কারে কান না দিয়ে বিজ্ঞানসম্মত চিকিৎসা এবং নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়া আজ সময়ের দাবি।
তাকিয়া তাবাচ্ছুম
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
[email protected]