দক্ষিণ চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা রোডের সঙ্গে ঐতিহ্যবাহী চন্দনাইশ সদর কাঁচাবাজার একটি জনপ্রিয় নিত্যদিনের বড় বাজার। এ বাজারে নিত্যপ্রয়োজনীয় শাকসবজি, মাছ এবং আশপাশে অসংখ্য মুদির দোকান রয়েছে। চন্দনাইশ সদর কাঁচাবাজার বর্তমানে অত্যন্ত করুণ দশা! বাজারের পরিবেশ বর্তমানে চরম অস্বাস্থ্যকর ও নোংরা হয়ে পড়েছে, যা ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের জন্যই চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনিয়ন্ত্রিত পরিবেশ ও বাজারের ভেতর বাইরে যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপের কারণে এ বাজারটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। অপরিষ্কার পরিবেশ এবং দুর্গন্ধের কারণে ক্রেতারা বাজারমুখী হতে ভয় পাচ্ছেন, ফলে ব্যবসায়ীরা আর্থিক লোকসানের সম্মুখীন হচ্ছেন। তাছাড়া সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। যেগুলো বালুর বস্তা এবং কাঠ দিয়ে ঢেকে রাখা হয়েছে। প্রতিনিয়তই পানি ও কাদা থাকেই। আর একটু বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে ভরে থাকে। কাদা-পানিতে হাঁটার কারণে বিভিন্ন বয়সী মানুষের জামাকাপড় নষ্ট হওয়ার পাশাপাশি চারদিকে ঘুরে ঘুরে বাজার করা অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে এ বাজারটি পড়েছে চরম দুর্ভোগে।
স্কারের অভাবে প্রায় অনুপযোগী হয়ে পড়েছে এ ঐতিহ্যবাহী বাজার। এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীর পক্ষ থেকে জনদুর্ভোগ দূর করতে ও জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এবং ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে চন্দনাইশ সদর কাঁচাবাজারটি দ্রুত সংস্কার এবং পয়োনিষ্কাশন (ড্রেনেজ) ব্যবস্থার মাধ্যমে বাজারের ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের জন্যই উপযোগী করে তোলার জন্য নবনির্বাচিত এমপি জসীম উদ্দীন আহমদ এবং স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
মোহাম্মদ ইমাদ উদ্দীন
সংগঠক ও কলামিস্ট, চন্দনাইশ, চট্টগ্রাম
[email protected]