প্রশ্ন: অনেক সময় আমি মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেছেন। আমার প্রশ্ন হলো, তখন কি আমি ছানা (সুবহানাকা আল্লাহুম্মা...) পড়ে রুকুতে যাব, নাকি সরাসরি তাকবির বলে রুকুতে চলে যাব? এই পরিস্থিতিতে ছানা পড়ার বিধান কী?
উত্তর: আপনার প্রশ্নটি খুবই সাধারণ এবং গুরুত্বপূর্ণ। যখন আপনি মসজিদে গিয়ে দেখেন ইমাম সাহেব রুকুতে আছেন, তখন আপনাকে দুটি কাজ করতে হবে:
প্রথমে, দাঁড়িয়ে তাকবিরে তাহরিমা (আল্লাহু আকবার) বলে নামাজ শুরু করতে হবে। এই সময় হাত বাঁধার প্রয়োজন নেই। দ্বিতীয়ত, তাকবিরে তাহরিমা বলার পরপরই আপনি রুকুর জন্য আরেকটি তাকবির বলবেন এবং সরাসরি ইমামের সঙ্গে রুকুতে চলে যাবেন।
এ অবস্থায় আপনার জন্য ছানা পড়া জায়েজ নয়। কারণ, ইমামকে রুকুতে পাওয়ার ক্ষেত্রে দ্রুত ইমামের সঙ্গে শামিল হওয়া জরুরি। যদি আপনি ছানা পড়তে যান, তা হলে হয়তো ইমাম রুকু থেকে উঠে যাবেন এবং আপনি জামাতের ওই রাকাতটি ধরতে পারবেন না।
অতএব, সংক্ষেপে বলতে গেলে, আপনি ইমামকে রুকুতে পেলে কেবল তাকবিরে তাহরিমা বলে হাত না বেঁধেই সরাসরি রুকুর তাকবির বলে ইমামের সঙ্গে যোগ দেবেন। এতে আপনার নামাজ সঠিক হবে।
তথ্যসূত্র: আলফাতাওয়া মিন আকাবিলিল মাশায়েখ (পৃ. ৭৭); খুলাসাতুল ফাতাওয়া (১/১৫৯), ফাতাওয়া খানিয়া (১/৮৮); ফাতাওয়া তাতারখানিয়া (২/১৯৬)