‘আমরা কতদূর যাব, তা নিয়ে কোনো নির্দিষ্ট লক্ষ্য আমি নির্ধারণ করিনি। আমাদের লক্ষ্য শুধু ভালো খেলা নয়, আমাদের লক্ষ্য জেতা।’ ব্রাজিলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোচ আনচেলত্তি সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে কিছুটা হতাশাজনক শুরুর পর, টানা দুই জয়ে দারুণভাবে মোড় ঘুরিয়ে দিয়েছে ব্রাজিল। বুধবার (২৪ জুন) গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই ম্যাচেই দীর্ঘদিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরেন নেইমার এবং বরাবরের মতোই মাঠ মাতিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে দলের এই দুর্দান্ত জয়ের পরও ব্রাজিলিয়ান সমর্থকদের এখনই আকাশে না উড়ে মাটিতে পা রাখার পরামর্শ দিয়েছেন কার্লো আনচেলত্তি।
কার্লো আনচেলত্তি জানান, নকআউট পর্বের আগে তার দল ঠিক যেমন একটি সুসংহত ও সম্মিলিত শক্তিতে রূপ নিতে চেয়েছিল, ধীরে ধীরে সেটাই হয়ে উঠছে।
তিনি বলেন, ‘আমরা এখন একটি দল হিসেবে খেলছি, আর এটাই আমাদের মূল লক্ষ্য ছিল। আমরা এখনও নিখুঁত নই, কিছু জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে-যেমন বল নিজেদের নিয়ন্ত্রণে থাকার সময় আমাদের পাসিং আরও দ্রুত হতে পারত।’
তিনি আরও বলেন, ‘প্রথম ম্যাচের তুলনায় দল যেভাবে নিজেদের গুছিয়ে নিয়েছে, তাতে আমি খুশি। নকআউট পর্বে পা রাখার পর দলের রক্ষণ ও মাঝমাঠের এই দৃঢ়তা ধরে রাখা অত্যন্ত জরুরি।’
লক্ষ্য কেবলই জয়
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দলের প্রথম লক্ষ্য পূরণ হয়েছে উল্লেখ করলেও, এখনই অতি-উৎসাহী হতে বারণ করেছেন আনচেলত্তি।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমরা কতদূর যাব, তা নিয়ে কোনো নির্দিষ্ট লক্ষ্য আমি নির্ধারণ করিনি। আমাদের লক্ষ্য শুধু ভালো খেলা নয়, আমাদের লক্ষ্য জেতা। একজন কোচ ভালো বা খারাপ খেলার ওপর মূল্যায়িত হন না, তিনি বিচার্য হন কেবলই জয় বা পরাজয়ের নিরিখে।"
সবশেষে, ক্রমশ উত্তেজিত ও আশাবাদী হয়ে ওঠা ব্রাজিলের আপামর সমর্থককে তিনি বলেন, ’সবাই শান্ত থাকুন।’
উল্লেখ্য, রাউন্ড অব ৩২-এ ব্রাজিল মুখোমুখি হবে গ্রুপ ‘এফ’-এর রানার্স-আপ দলের। যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেন।
থিওটোনিয়াস