মার্কিন ধনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতা প্রতিষ্ঠান এক্সএআই গত সোমবার তাদের সর্বাধুনিক এআই মডেল ‘গ্রোক-৩’ উন্মোচন করেছে। এই নতুন এআই মডেলে আইওএস এবং ওয়েব অ্যাপের জন্য নতুন কিছু ফিচার রয়েছে।
গ্রোক-৩ মূলত ওপেনএআইয়ের ‘জিপিটি-৪ও’ এবং গুগলের জেমিনাইয়ের প্রতিযোগী হিসেবে তৈরি করা হয়েছে। এটি ছবি বিশ্লেষণ করতে ও প্রশ্নের উত্তর দিতে পারে। মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) বেশ কিছু ফিচারে এই এআই মডেল ব্যবহার করা হবে।
এক্সএআইয়ের দাবি করেছে, ‘গ্রোক-২’ সংস্করণের তুলনায় দশগুণ বেশি কম্পিউটিং ক্ষমতা ব্যবহার করা হয়েছে গ্রোক-৩ এআই মডেলে। বিশাল ডেটা সেট ও ২ লাখ জিপিইউ সংবলিত একটি ডেটা সেন্টার ব্যবহার করে প্রশিক্ষিত করা হয়েছে এটি। এর প্রশিক্ষণ ডেটা সেটে আদালতের মামলার ফাইলও অন্তর্ভুক্ত রয়েছে। গত সোমবার মাস্ক বলেন, ‘গ্রোক-২-এর তুলনায় অনেক বেশি উন্নত গ্রোক-৩। এটি তথ্যানুসন্ধানে সর্বোচ্চ পর্যায়ের এআই, এমনকি সেটি রাজনৈতিকভাবে সংবেদনশীল হলেও।’
গ্রোক-৩-এর কয়েকটি সংস্করণ রয়েছে। এর মধ্যে ‘গ্রোক-৩ মিনি’ নামে একটি ছোট সংস্করণ রয়েছে, যা কিছু নির্ভুলতার সঙ্গে দ্রুত প্রশ্নের উত্তর দিতে পারে। রয়েছে ‘গ্রোক-৩ রিজনিং’ ও ‘গ্রোক-৩ মিনি রিজনিং’ নামে আরও দুটি সংস্করণ, যা জটিল সমস্যার সমাধান যাচাই করতে পারে। এটি অনেকটা ওপেনএআইয়ের ‘ও৩ মিনি’ ও চীনা প্রতিষ্ঠান ডিপসিকের ‘আর১’-এর মতো। এআই মডেলের সক্ষমতা যাচাইয়ে এআইএমই ও জিপিকিউএ পরীক্ষায় গ্রোক-৩ প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর চেয়ে ভালো করেছে বলে দাবি করেছে এক্সএআই।
/আবরার জাহিন