জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক তাদের গুগল ক্রোম এক্সটেনশনটি সাধারণ গ্রাহকদের জন্য উন্মুক্ত করেছে। ফলে এখন থেকে অর্থের বিনিময়ে ক্লডের পেইড সাবস্ক্রাইবার এই ব্রাউজার এক্সটেনশন ব্যবহারের সুযোগ পাবেন। এত দিন সুবিধাটি শুধু মাসিক ২০০ ডলারের ‘ম্যাক্স’ গ্রাহকদের জন্য সীমাবদ্ধ ছিল।
এই এক্সটেনশনের বিশেষত্ব হলো, এটি শুধু প্রশ্নের উত্তর দেয় না, বরং ব্যবহারকারীর হয়ে ব্রাউজারের ভেতর সরাসরি কাজ করতে পারে। অ্যানথ্রপিক জানিয়েছে, ক্লড এখন প্রম্পট বা নির্দেশনা অনুযায়ী অনলাইনে ফরম পূরণ, ক্যালেন্ডার ব্যবস্থাপনা, ই-মেইল আদান-প্রদান এবং একাধিক ধাপের জটিল কাজ (ওয়ার্কফ্লো) সম্পন্ন করতে সক্ষম।
প্লাগইনটির সর্বশেষ সংস্করণে যুক্ত করা হয়েছে অ্যানথ্রপিকের কোডিং টুল ‘ক্লড কোড’। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো কাজের ধাপ রেকর্ড করে ক্লডকে শিখিয়ে দিতে পারবেন, যাতে ভবিষ্যতে ক্লড এআই নিজে থেকে সেই কাজ সম্পন্ন করতে পারে।
প্রযুক্তি বিশ্বে এখন ‘এআই এজেন্ট’ বা কম্পিউটারের ইন্টারফেস বুঝতে পারা এআই মডেল নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অ্যানথ্রপিক শুরু থেকে ‘কম্পিউটার ইউজ’ প্রযুক্তিতে গুরুত্ব দিয়ে আসছে। ওয়েবসাইটের ডিজিটাল বাটন চেনা ও মানুষের মতো তাতে ক্লিক করার সক্ষমতা ক্লডকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই সুবিধা সাধারণ গ্রাহকদের নাগালে আসায় দাপ্তরিক ও ব্যক্তিগত কাজের গতি অনেক বাড়বে।
বাজারের অন্য প্রতিযোগীদের মধ্যে ওপেনএআই তাদের ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’ ও পারপ্লেক্সিটি ‘কমেট’ ব্রাউজারের মাধ্যমে একই ধরনের সুবিধা দিচ্ছে। এ ক্ষেত্রে গুগল কিছুটা পিছিয়ে রয়েছে। গুগল ক্রোমে ‘জেমিনাই’ ব্যবহার করা গেলেও, এটি এখনো সরাসরি ব্রাউজারের নিয়ন্ত্রণ নিয়ে কাজ করতে পারে না। তবে ধারণা করা হচ্ছে, ‘প্রজেক্ট মেরিনার’-এর মাধ্যমে গুগলও শিগগিরই এমন কোনো ফিচার নিয়ে আসবে।