প্রযুক্তি বিশ্বে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছে অ্যাপলের ‘ফোল্ডেবল’ আইফোন নিয়ে। অ্যাপল অত্যন্ত গোপনে এই প্রকল্প নিয়ে কাজ চালিয়ে গেলেও সম্প্রতি ‘ডিজিটাল চ্যাট স্টেশন’ নামের একটি নির্ভরযোগ্য সূত্র নতুন কিছু তথ্য ফাঁস করেছে। জানা গেছে, অ্যাপলের মূল লক্ষ্য এমন একটি ফোল্ডেবল ফোন তৈরি করা, যার ডিসপ্লের ভাঁজে কোনো দৃশ্যমান দাগ বা ‘ক্রিজ’ থাকবে না।
বর্তমানে বাজারে থাকা স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজসহ অন্য অ্যান্ড্রয়েড ফোল্ডেবল ফোনগুলোয় ডিসপ্লের মাঝখানের ভাঁজের দাগটি বেশ স্পষ্ট। বিশেষ করে একরঙা ব্যাকগ্রাউন্ড ও নির্দিষ্ট আলোতে এই দাগ ব্যবহারকারীর অভিজ্ঞতায় ব্যাঘাত ঘটায়। স্যামসাং কয়েক প্রজন্ম ধরে চেষ্টা করেও এই সমস্যা পুরোপুরি সমাধান করতে পারেনি। অ্যাপল ঠিক এই জায়গাতেই বাজিমাত করতে চাচ্ছে।
ফাঁস হওয়া তথ্যমতে, দাগহীন ডিসপ্লে তৈরির জন্য অ্যাপল আল্ট্রা থিন ফ্লেক্সিবল গ্লাস (ইউএফজি) নিয়ে নিবিড় গবেষণা চালাচ্ছে। বিভিন্ন পুরুত্বের নমনীয় কাচ ব্যবহার করে তারা পরীক্ষা চালাচ্ছে, যা বারবার ভাঁজ করার পরও ফেটে যাবে না। সাধারণ পলিমার স্তরের চেয়ে ইউএফজি অনেক বেশি স্বচ্ছ ও প্রিমিয়াম অনুভূতির নিশ্চয়তা দেয়। তবে প্রযুক্তিটি বেশ জটিল ও ব্যয়সাপেক্ষ।
ধারণা করা হচ্ছে, আগামী বছরের সেপ্টেম্বরে বহুলপ্রতীক্ষিত এই আইফোন বাজারে আসতে পারে। তবে প্রতিযোগিতার দৌড়ে অ্যাপল একা নয়। চীনের আরও দুটি শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান একই ধরনের ইউএফজি প্রযুক্তি নিয়ে কাজ করছে। সরবরাহ শৃঙ্খলের জটিলতা কাটলে হয়তো একই সময়ে একাধিক ‘দাগহীন’ ফোল্ডেবল ফোন বাজারে দেখা যাবে। তবে অ্যাপল যদি সত্যিই নিখুঁত ফোল্ডেবল ডিসপ্লে উপহার দিতে পারে, তবে তা স্মার্টফোন প্রযুক্তিতে এক নতুন মানদণ্ড স্থাপন করবে।