শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন রবিবার (৫ জানুয়ারি) থেকে শুরু হয়েছে। এখন থেকে দ্বিতীয়বারও পরীক্ষায় বসতে পারবেন ভর্তিচ্ছুরা।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা admission.sust.edu লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন।
৫ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রথমবারের মতো শাবিপ্রবি সিলেট শহরের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও যশোরে তাদের ভর্তি পরীক্ষা নেবে।
এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি এ-১ ইউনিটে (বিজ্ঞান) ১২৫০ টাকা, এ-২ ইউনিটে (বিজ্ঞান ও আর্কিটেকচার) ১৪০০ টাকা ও বি ইউনিটে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীকে ২০২১ অথবা ২০২২ সালে মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষার্থীদের মধ্যে যারা শাবিপ্রবিতে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় 'বি' ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) এবং একই দিন বিকেল তিনটায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ‘এ’ ইউনিটে (বিজ্ঞান শাখা) মোট ৯৮৫টি ও ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা) মোট ৫৮১টি আসন রয়েছে।
এসব আসন ছাড়াও অতিরিক্ত ১০৫টি কোটা আসন রয়েছে। এরমধ্যে ২৮টি মুক্তিযোদ্ধা, ২৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/ জাতিসত্ত্বা/ হরিজন-দলিত, ১৪টি প্রতিবন্ধী, ২০টি পোষ্য, ৫টি চা শ্রমিক এবং ১০টি বিকেএসপি (খেলোয়াড়) কোটা রয়েছে।
অন্যদিকে আর্কিটেকচার (এ-১ ইউনিট) বিভাগের পরীক্ষা শুধুমাত্র শাবিপ্রবি ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।
ইসফাক আলী/সুমন/