ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের ২০৪ নম্বর কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে মাসুদ রানা নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
এ ঘটনায় মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন হলটির আবাসিক শিক্ষার্থীরা। সমাবেশের পর উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।
এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক সায়মা হক বিদিশাকে স্মারকলিপিটি হস্থান্তর করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
স্মারকলিপি গ্রহণের পর অধ্যাপক সায়মা হক বিদিশা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আমরা সব ঝুঁকিপূর্ণ ভবনের সংস্কার কাজ শুরু করব। একই সঙ্গে নতুন নতুন ভবন এবং হল তৈরির উদ্যোগ নিয়েছি।
স্মারকলিপিতে ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও মুহসীন হলে নতুন ভবন নির্মাণের দাবিতে তিন দফা দাবি জানান শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- অবিলম্বে ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মুহসীন হলে নতুন ভবন তৈরির ব্যবস্থা করতে হবে। আগামী ৭ দিনের মধ্যে সুস্পষ্ট সময়সীমাসহ এ সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি দিতে হবে এবং আগামী এক মাসের মধ্যে নতুন ভবন নির্মাণের কাজ শুরু; নতুন ভবন হওয়ার আগ পর্যন্ত হলে শিক্ষার্থী অ্যালটমেন্ট কমানো এবং নতুন ভবন হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর, কোষাধ্যক্ষ মহোদয়ের দপ্তর, এস্টেট অফিস ও হল প্রশাসনের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে আগামী তিন দিনের মধ্যে সংস্কার কাজ শুরু করতে হবে।
এর আগে সোমবার (৬ জানুয়ারি) রাত সোয়া ১টায় হাজী মুহম্মদ মুহসীন হলের ২০৪ নম্বর রুমে মশারি টানিয়ে ঘুমাতে যান মাসুদ। এ সময় হঠাৎ পলেস্তারা খসে সোজা মাসুদের মাথায় পড়ে মাথার দুই জায়গা ফেটে যায়। তবে পলেস্তারা মশারির ওপরে পড়ায় বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে যান ওই শিক্ষার্থী।