ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’র ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ সোমবার ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করবে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হবে বিক্ষোভ সমাবেশ।
রবিবার (৬ এপ্রিল) পৃথক পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাবির শিক্ষার্থী এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্যসচিব রেজওয়ান আহমেদ রিফাত হোয়াটসঅ্যাপ বার্তায় এই কর্মসূচির কথা জানান। পরীক্ষা ও ক্লাস স্থগিত করেছে ঢাবি প্রশাসন।
বিজ্ঞপ্তিতে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ ও ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে বলা হয়, ‘গাজায় চলমান লাগাতার ভয়াবহ গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘন। আজ ৭ এপ্রিল ২০২৫, বিশ্বে অনুষ্ঠেয় দ্য ওয়ার্ল্ড স্টন্স ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করছে। এ দিনের সব ক্লাস পরীক্ষা বর্জন করছে।’
ঢাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত
গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা ও ক্লাস স্থগিত করেছে ঢাবি প্রশাসন। এ ছাড়া ২ ঘণ্টা দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাবি প্রশাসন। গতকাল রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭ এপ্রিল (সোমবার) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এ ছাড়া, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে। এর আগে রবিবার বিকেল থেকে ঢাবির বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের খবর পাওয়া যায়। যদিও এই সংখ্যা রাত সাড়ে ৯টা পর্যন্ত ৪০-এর অধিক ছাড়িয়েছে। শিক্ষার্থীদের ধারণা এই সংখ্যা আরও বাড়বে। সব বিজ্ঞপ্তির বক্তব্য ও প্রতিবাদের ভাষা একই।
ঢাবি ছাড়াও ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দেশের বেশ কয়েকটি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ সোমবার ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
মাঠে থাকবে জামায়াত ও ইসলামী আন্দোলন
ইসরায়েলের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আজ সোমবার বাদ জোহর ইসলামী আন্দোলন এবং বিকেল চারটায় জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করবে। এ ছাড়া একযোগে বৈশ্বিক হরতাল পালনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে হেজাফতে ইসলাম। গতকাল পৃথক পৃথক বিবৃতিতে দল দুটি এই কর্মসূচি ঘোষণা করে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, হামলার মাধ্যমে ইসরায়েলিদের যুদ্ধবাজ জঙ্গি মনোভাব নগ্নভাবে প্রকাশিত হয়েছে।
অন্য দিকে ফিলিস্তিন দখলকারী ও গণহত্যাকারী অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে থামাতে বৈশ্বিক জিহাদ অনিবার্য হয়ে পড়েছে জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান বিবৃতি দিয়েছেন।