চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামী ৭ জানুয়ারি প্রকাশ করা হবে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একযোগে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার এক ঘণ্টা আগেই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রের নির্ধারিত কক্ষে উপস্থিত থাকতে হয়।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘আগামী ৭ জানুয়ারির মধ্যেই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।’
শেকৃবি কেন্দ্রে এবারের ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৪৫,১৬৪ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৪০,৮১৯ জন পরীক্ষার্থী। উপস্থিতির হার ছিল ৯০.৩৮ শতাংশ।
শেকৃবির অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর মডেল কলেজ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে উপাচার্য বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, সবকিছু অনুকূলে থাকলে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহেই নবীন শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
চলতি বছর তুলনামূলকভাবে আগেভাগে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে উপাচার্য বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসকে বিবেচনায় রেখে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতেই আগাম সময়সূচিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, এবারের কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
অভি/রিফাত/