বাংলাদেশের পতাকাবাহী বিশ্বজয়ী পর্যটক; যিনি ১৮৪টি দেশ ভ্রমণ করেছেন, ফ্লাগ গার্ল খ্যাত সেই নাজমুন নাহারকে মর্যাদাপূর্ণ ‘ফ্ল্যাগ এনভয় অব বাংলাদেশ’ স্বর্ণপদক ও সম্মানসূচক সনদ দিয়ে সম্মানিত করেছে মাইলস্টোন কলেজ।
গত ৮ এপ্রিল দিয়াবাড়ী ক্যাম্পাসের লে. কর্নেল এম. কামালউদ্দিন হলে হাজার হাজার শিক্ষার্থীর সামনে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম ও শিক্ষকরা আনুষ্ঠানিকভাবে তাকে পদক ও সনদ প্রদান করেন।
বিশ্বজুড়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকা বহনে তার অসাধারণ কৃতিত্ব উদযাপনে হলটি উচ্ছ্বাস ও প্রশংসায় মুখরিত ছিল।
এ সময় উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান খান, উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম এবং মাইলস্টোন কলেজ ট্যুরিজম ক্লাবের মডারেটর রাশেদ খান মেনন।
অনুষ্ঠানে নাজমুন নাহার তার অনুপ্রেরণামূলক যাত্রার কথা তুলে ধরেন। উপস্থিত ছাত্র-ছাত্রীদের শোনান, বিশ্বভ্রমণের যাত্রা ও অনন্য অভিজ্ঞতা। তার কথা শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে, গণ্ডির বাইরে ভাবতে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে অনুপ্রাণিত করেছে।
উল্লেখ্য, এই অনুষ্ঠানের মাধ্যমে মাইলস্টোন কলেজ ট্যুরিজম ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যার লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে ভ্রমণ, সংস্কৃতি এবং বিশ্ব অন্বেষণের প্রতি আগ্রহ তৈরি করা।
বিজ্ঞপ্তি/