দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়নসংক্রান্ত বিভিন্ন কাজে অচলাবস্থা নিরসনে আজ শনিবার কাস্টম হাউস খোলা থাকবে।
আমদানি ও রপ্তানিকারকদের ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিন শনিবার (১৭ আগস্ট) চট্টগ্রাম কাস্টম হাউস খোলা রাখার এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
শুক্রবার (১৬ আগস্ট) চট্টগ্রাম কাস্টমস কমিশনারের পক্ষে ডেপুটি কমিশনার ইমাম গাজ্জালী স্বাক্ষরিত অফিস আদেশে শনিবার খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, শনিবার পুরোদমে দাপ্তরিক কার্যক্রম সচল রাখা হবে।
এর আগে দেশে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হলে টানা পাঁচ দিন আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটে। পাঁচ দিন পর অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে সংযুক্ত হয় কাস্টমস।
এই সফটওয়্যারের মাধ্যমেই কাস্টমসে আমদানি-রপ্তানি পরিচালিত হয়।
প্রথম দিকে ইন্টারনেটের গতি কম থাকার কারণে কাজে কিছুটা ধীরগতি ছিল। পরে ধীরে ধীরে তা স্বাভাবিক হয়।
এ ছাড়াও বেশ কয়েক দিন শুল্কায়ন বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট দেখা দেয়। পাশাপাশি বেসরকারি ডিপোগুলোতে রপ্তানি পণ্যের স্তূপ পড়ে যায়। এ জন্য কাজের গতি কয়েক গুণ বাড়াতে হয় কাস্টমসকে। তবে এখন সেই পরিস্থিতি সামাল দিচ্ছে কাস্টমস।
কাস্টমসসংশ্লিষ্টরা বলছেন, শনিবার কাস্টম হাউস খোলা থাকলেও ব্যাংক বন্ধ থাকে। সব ধরনের শুল্ক জমা দিতে হয় ব্যাংকে, ডকুমেন্টেশনের কাজ সম্পন্ন হয় কাস্টম হাউসে। এমন অবস্থায় কাস্টমসে শুল্কায়নের কিছু কাজ আগেভাগে করে নেওয়া যাবে।
চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, ‘শনিবার চট্টগ্রাম কাস্টম হাউস খোলা থাকলেও ব্যাংক খোলা থাকছে না। ব্যাংক খোলা না থাকলে বিশেষ কোনো সুবিধা পাওয়া যাবে না।’
চট্টগ্রাম ব্যুরো/সাদিয়া নাহার/অমিয়/