হবিগঞ্জের বাহুবলে ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেট জেলার শাহপরান থানার চৌকিদীঘি গ্রামের আমীর হোসেন, বাহুবল উপজেলার হাজীমাদাম গ্রামের আব্দুল হান্নান ও মনির মিয়া।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারের কাছে একটি ভাড়া বাসায় থাকতেন কাঁচামাল ব্যবসায়ী সনজিত দাসের স্ত্রী অঞ্জলি দাস (৩০) ও তার মেয়ে পূজা রানী দাস (৮)। ২০২১ সালের ১৮ মার্চ মধ্যরাতে একদল ডাকাত তাদের ঘরে ঢুকে। এ সময় চিনে ফেলায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায় তারা।
এ ঘটনায় সনজিত দাস বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলাটি দীর্ঘ তদন্তের পর বাহুবল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস ২০২২ সালের ৩১ আগস্ট উল্লেখিত তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ২০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য নেওয়া হয়।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান খান বলেন, আদালতের রায়ে ন্যায় বিচার পেয়েছে সনজিতের পরিবার। আমরা চাই দ্রুত যেন এ রায় কার্যকর করা হয়।
অন্যদিকে রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানান আসামি পক্ষের আইনজীবীসহ তাদের স্বজনরা।
কাজল সরকার/মেহেদী/অমিয়/