নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে উৎপল রায় নামে এক এনজিও কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে টানবাজারে সাহাপাড়ায় অবস্থিত শংকর সাহার মালিকানাধীন ৭ তলা ভবনের চার তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পলাতক ওই বাড়ির নিরাপত্তা প্রহরী ও ফ্ল্যাটের গৃহকর্মী।
নিহত ৬২ বছর বয়সী উৎপল রায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের একটি প্রকল্পের পরিচালক। তিনি চিকিৎসক ছোট ছেলেকে নিয়ে সাহাপাড়ার ওই ফ্ল্যাটর ভাড়া থাকতেন। তার বড় ছেলে প্রবাসী প্রকৌশলী।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোমবার সন্ধ্যায় ফ্ল্যাটে একাই ছিলেন উৎপল রায়। রাত ৯টার দিকে ওই ফ্ল্যাট থেকে গৃহকর্মীকে বাইরে বেরিয়ে যেতে দেখা যায়। পরে নিহতের ছেলে উজ্জ্বল রায় কাজ শেষে বাড়িতে ফিরে দেখেন ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ। এ সময় তিনি আশপাশের প্রতিবেশী ডেকে দরজার তালা ভেঙে ভেতরে গিয়ে বাবার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক জামাল উদ্দিন জানান, দুষ্কৃতকারীরা ওই ফ্ল্যাটের আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণের অলঙ্কারসহ টাকা নিয়ে গেছে। পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ওই এনজিও কর্মকর্তাকে হত্যার পর পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। হত্যাকাণ্ডে জড়িতদের আটকসহ ঘটনার তদন্ত চলছে বলে জানায় পুলিশ।
বিল্লাল হোসাইন/জোবাইদা/