নওগাঁর হাঁপানিয়া সীমান্তের শূন্যরেখা থেকে লাইট বন্ধ করে ১৭ ব্যক্তিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সরিয়ে নিয়েছে বলে ধারণা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যা পর্যন্ত নওগাঁর হাঁপানিয়া সীমান্ত এলাকার কলমুডাঙ্গা পয়েন্টে নারী-শিশুসহ ১৭ জনকে বসে থাকতে দেখা গেলেও সকালে সেখানে কাউকে দেখা যায়নি।
নওগাঁ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, শুক্রবার (৫ জুন) রাতে হঠাৎই সীমান্ত লাইট বন্ধ করে দেয় বিএসএফ। এর পর বিজিবি টহল দল সেখানে গেলে পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের আর দেখতে পাননি। ধারণা করা হচ্ছে অন্ধকারের মধ্যেই বিএসএফ তাদের সরিয়ে নিয়েছে।
কড়া হুঁশিয়ারি দিয়ে কর্নেল মহম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সাম্প্রতিক পুশইন, চোরাচালান কিংবা চলমান যেকোনো উত্তেজনা ঠেকাতে তৎপর আছে বিজিবি। কোনোভাবেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।
স্থানীয় কলমুডাঙ্গা গ্রামের কৃষক হোসেন মোহাম্মদ জানান, গতকাল (৫ জুন) সারাদিনই পুশইন চেষ্টার শিকার নারী-শিশুসহ ১৭ জনকে শূন্যলাইনে বসে থাকতে দেখেছেন তিনি। শনিবার (৬ জুন) সকালে যখন ধান কাটার কাজে ওই এলাকায় যান তিনি, তখন আর তাদের দেখতে পাননি। পাশাপাশি বিজিবি কিংবা বিএসএফের ও কেউ ছিল না। তিনি নিশ্চিত করে বলতে পারেননি; ওই ১৭ জন ভারতে চলে গেছেন নাকি বাংলাদেশের ঢুকেছেন।
প্রসঙ্গত, নওগাঁ জেলার সাপাহার উপজেলার হাপানিয়া বিজিবি ক্যাম্পের আওতায় কলমুডাঙ্গা সীমান্তে ৬ জন পুরুষ ৬ জন নারী ও ৫ জন শিশুকে একযোগে পুশইনের চেষ্টা করে বিএসএফ। যা বর্ডার গার্ড বাংলাদেশের বাঁধায় সম্ভব হয়নি।
হারুন চৌধুরী/খাদিজা রুমি/
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার শিবপুর এলাকার দাইয়ান শহীদ দীপ সরকার (২১) ও গোবিন্দগঞ্জ উপজেলার নাওভাঙ্গা এলাকার সোহানুর রহমান শান্ত (২১)।
শুক্রবার (৫ জুন) ভোরে উপজেলার বড়দহ ব্রীজের উপর থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাদের আদালতে পাঠায় পুলিশ।
দীর্ঘদিন ধরে সমাজসেবা অধিদপ্তরের অফিসার পরিচয়ে প্রতিবন্ধী ভাতা, বিধবা ও বয়স্ক ভাতার কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শিবলী কায়েছ মীর খবরের কাগজকে জানান, গত বছরের একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের। এ সময় তাদের কাছে দুইটি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক খবরের কাগজকে বলেন, দীর্ঘদিন ধরে তারা গাইবান্ধার বিভিন্ন গ্রামাঞ্চলে গিয়ে সহজেই মানুষের আস্থা অর্জন করতেন। তারা নিজেদের সমাজসেবা অফিসার পরিচয়ে গ্রামের অসহায় ও নিম্নআয়ের মানুষের বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা ও এনআইডির ছবি তুলে প্রতারণা করে আসছিলেন। আগের একটা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছি।
মিলন খন্দকার/ গাইবান্ধা
নোয়াখালীর মাইজদী থেকে ১৮ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় পৌর বাজার এলাকা থেকে তাদের আটক করে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক কিশোর গ্যাং বিভিন্ন ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল।
এ অবস্থায় বিভিন্ন অপকর্মে জড়িত ১৮ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, পৌরসভা ছাত্রদলের সভাপতি মো. আনাসসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান খবরের কাগজকে বলেন, 'কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে আমরা এ উদ্যোগ নিয়েছি।'
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল খবরের কাগজকে বলেন, কিশোর গ্যাংয়ের আদলে ছাত্রলীগ সংগঠিত হচ্ছে। জেলায় একাধিক কিশোর গ্যাং রয়েছে। আমরা চাই যথাযথ নিয়মে পুলিশ আইনী ব্যবস্থা নেবে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম খবরের কাগজকে বলেন, কিশোর গ্যাংয়ের ১৮ জনকে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় ও অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন/থিও
রংপুরে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে শতাধিক শিক্ষার্থী মাদকের বিরুদ্ধে শপথ নিয়েছে।
শুক্রবার (৫ জুন) বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আগামীর বাংলাদেশ’ আয়োজিত মাদকবিরোধী প্রচারণা ও কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের এক পর্যায়ে মাদক সেবন না করার শপথ গ্রহণ করেন শিক্ষার্থী ও আয়োজকরা।
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা মাদককে না বলার পাশাপাশি নিজ পরিবার ও সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার অঙ্গীকার করেন।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ সময় শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা।
এর আগে সংগঠনটি উপজেলার সব কলেজে কুইজ প্রতিযোগিতার পাশাপাশি কয়েক হাজার শিক্ষার্থীকে মাদকবিরোধী শপথ পাঠ করান।
সংগঠনটি ১২ বছর ধরে বদরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা দিয়ে আসছে আগামীর বাংলাদেশ এর অঙ্গ সংগঠন অণ্বেষণ প্লাস ফ্রি বিশ্ববিদ্যালয় প্রস্তুতি প্রোগ্রামের মাধ্যমে।বিনামূল্যে শিক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, নার্সিং ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭৪ জন শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পেয়েছে।
একাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে পড়াশোনার পাশাপাশি গরীব মেধাবী শিক্ষার্থীদের বই, নগদ আর্থিক অনুদানের ব্যবস্থা করে থাকে সংগঠটি। পাশাপাশি মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম করে থাকে। আগামীতে বদরগঞ্জের বাড়ি বাড়ি এই আলো ছড়িয়ে দিতে চায় এই সংগঠন।
অনুষ্ঠানে আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় আগামীর বাংলাদেশের সভাপতি মো. সেলিম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা, আগামীর বাংলাদেশের স্থায়ী পরিষদ সদস্য সানোয়ার খান, ডা. মো আরিফুর রহমান, এখন টেলিভিশনের রংপুর ব্যুরো ইনচার্জ মোকাররম হোসাইন, অ্যাডভোকেট সাব্বির হোসেন, ইঞ্জিনিয়ার শামীম আহমেদ, ঢাবি শিক্ষার্থী লুত হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আরিফ হাসান, সাজ্জাদ হোসাইন সাজু, বেরোবির আব্দুর রহমান প্রমুখ।
এ সময় আগামীর বাংলাদেশ-এর স্থায়ী পরিষদ সদস্য ডা. মো. আরিফুর রহমানকে ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) মেডিকেল অফিসার হিসেবে যোগদান করায় সংবর্ধনা দেওয়া হয়।
পরে কুইজ প্রতিযোগিতায় কুতুবপুর ডিগ্রি কলেজের ফাহিম হোসেন প্রথম, লালদীঘি পীরপাল কলেজের ফাল্গুনী আক্তার দ্বিতীয় ও বদরগঞ্জ সরকারি কলেজের মারুফ হোসেন তৃতীয় স্থান অধিকার করে।
এ সময় এখন টেলিভিশনের রংপুর ব্যুরো ইনচার্জ মোকাররম হোসাইন বলেন, উপজেলার কোনো শিক্ষার্থী বিপদে পড়লে এই সংগঠন সমাধানের চেষ্টা করে। এই ধারাবাহিকতায় ১২ বছর চলছে সংগঠনটি। আগামীতে উপজেলাকে শিক্ষার নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে কিছু যুবক। পাশাপাশি যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আগামীর বাংলাদেশ-এর সভাপতি সেলিম সরকার বলেন, সংগঠনটির মাধ্যমে দীর্ঘ কয়েক বছর ধরে উপজেলার শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সময় শিক্ষাবৃত্তি, ভর্তি সহযোগিতা,এবং উচ্চ শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা বলেন, এরকম একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা প্রতিবছর কয়েক শ শিক্ষার্থীকে বিনামূল্যে পড়াশোনা করান এটি বাংলাদেশে প্রশংসনীয় উদ্যোগ। যারা শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশুনা করান আবার বিশ্ববিদ্যালয়ের ভর্তির খরচ পর্যন্ত সরবরাহ করেন।এই আগামীর বাংলাদেশ শুধু বদরগঞ্জে না অন্যান্য উপজেলাতেও যেন এমন বার্তা পৌঁছে দিতে পারে। এই সংগঠনের মাধ্যমে পুরো উপজেলা শিক্ষার্থীরা যাতে সুযোগ-সুবিধা পেতে পারে। এমন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর পাশে বিত্তবানদের দাঁড়ানোর পাশাপাশি সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
সেলিম সরকার/তামান্না রুপা/
কক্সবাজারের মহেশখালীতে তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সামশুল আলম (৬৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে মাছ ধরতে গিয়েছিলেন সামশুল আলম। এ সময় প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে জ্ঞান হারান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সেলিম বলেন, বাবা সকালে মাছ ধরতে গিয়েছিলেন। সেখানে অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ছৈয়দুল/আমান