গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় দুটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে উপজেলার বারতোপা বাজারের ওই শাখায় এ ঘটনা ঘটে।
এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক।
তিনি জানান, প্রতিদিনের কাজ সেরে ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে পড়েন ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা। রাত সোয়া ২টার দিকে বিকট শব্দ পেয়ে ঘুম ভাঙে তাদের। ঘুম থেকে জেগে তিনি আতঙ্কিত হয়ে উঠে বসেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে পেছনের গেট দিয়ে বাইরে যান। এ সময় মূল ফটকে আগুন দেখতে পান।
তিনি আরও জানান, পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে। কারা এই হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।’
পলাশ/এসজি/