চট্টগ্রামের বাঁশখালীতে নিজ বাড়ির উঠানের গর্ত থেকে আশরাফ মিয়া প্রকাশ আশরাফ ফকির (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে।
রবিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব টেমাপাড়া এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। নিহত আশরাফ মিয়া ওই এলাকার মৃত ফরিদ আহমদের ছেলে।
জানা গেছে, গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন বৃদ্ধ আশরাফ মিয়া। রবিবার সকালে ছেলে রাশেদ বাড়ির উঠানের এক পাশে কমলা গাছে পানি দিতে এসে নতুন মাটি দেখতে পেয়ে সন্দেহ হলে মাটি খুড়ে বাবার মরদেহ দেখতে পান ছেলেরা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী নুর আয়েশা বেগম, ছেলে রাশেদ ও নিহতের ভাই শহিদুল ইসলামকে আটক করা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহটির মাথায় কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় জিঙ্গাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও ছেলেকে থানায় আনা হয়েছে।
শফকত হোসাইন চাটগামী/এসএন