ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সর্বশেষ
সবার সহযোগিতায় বাসডুবিতে কোনো প্রাণহানি ঘটেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল লক্ষ্মীপুরে হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, ওয়ার্ডবয় আটক জিয়া স্মৃতি জাদুঘর শিগগিরই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চীনের ইভি প্রযুক্তিতে গাড়ি বানাবে ভারতের টাটা পাটগ্রাম সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি, বিএসএফকে কড়া প্রতিবাদ হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইনের আশঙ্কা: বিজিবির নজরদারি জোরদার দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি নিহত কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব ও বুবলী হাম উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু ফটিকছড়িতে ছাত্রলীগের গোপন সভা, গ্রেপ্তার ২ রাঙ্গুনিয়ায় সড়ক ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ ,ভরসা বাঁশের সাঁকো বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত টাঙ্গুয়ার হাওরে অপরিকল্পিত হাউজবোট চলাচল: বেলার উদ্বেগ প্রকাশ পীরগাছায় পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের পটিয়ায় ৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রান্তিক ধাপের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের সুবিধা পাবেন না বস্তিবাসী ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার ভাঙ্গায় মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর, আগুন দিল স্থানীয়রা পদ্মায় আবারও বাসডুবি, আগেই নেমে যাওয়ায় যাত্রীদের প্রাণরক্ষা গাছ লাগান, সওয়াব কামান পাসপোর্ট ও বিদেশযাত্রার প্রক্রিয়া সহজ করতে হবে পর্যটকদের নিরাপত্তায় ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট ব্যবহারের নির্দেশ জটিলতা দূর, বাংলাদেশে টিভির পর্দায় দেখা যাবে ফুটবল বিশ্বকাপ বিদ্যুৎসংকটে লাখো ফটিকছড়িবাসী যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে ১০ কিমি যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা মাস্টার বাড়ি কোরবানির চামড়া বিক্রিতে ধস বড়বাড়ি সীমান্তে ১০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা
Nagad desktop

আনোয়ারায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে অর্ধশত স্কুল

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২২ এএম
আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ এএম
আনোয়ারায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে অর্ধশত স্কুল
চট্টগ্রামের আনোয়ারা সদরের আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: খবরের কাগজ

শিক্ষক সংকটে ধুঁকছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। দীর্ঘদিন ধরে উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। সবচেয়ে বেশি সংকটের মধ্যে পড়েছে উপকূলীয় এলাকার বিদ্যালয়গুলো। এসব বিদ্যালয়ে ১ জন শিক্ষক দিয়ে চলে ৬ শ্রেণির শিক্ষা কার্যক্রম। এ ছাড়া উপজেলায় ২৭টি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় ভেঙে পড়ছে এসব বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাপনা। এতে অভিভাবকরা ছেলেমেয়েদের কিন্ডারগার্টেনসহ অন্য প্রতিষ্ঠানের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসূত্রে জানা যায়, আনোয়ারায় ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ২১ হাজার ৯৮০ জন শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ৫০টি বিদ্যালয়ে প্রাধান শিক্ষক ও ২৭টিতে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। 

প্রধান শিক্ষকের পদশূন্য বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৫০টি বিদ্যালয়।

অপরদিকে সহকারী শিক্ষক পদশূন্য রয়েছে দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইলধর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরৈকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চারুশীল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২৭টি।

এদিকে, আনোয়ারার উপকূলীয় এলাকা দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইজন করে শিক্ষক থাকলেও তারাও এক বছর আগে অন্যত্র বদলি হয়ে গেছে। বর্তমানে নথিপত্রে এই দুই বিদ্যালয় শিক্ষকশূন্য অবস্থায় রয়েছে। 

পূর্ব গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন শিক্ষক থাকলেও একজন প্রশিক্ষণে আছেন। এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় অপরজন ভারপ্রাপ্তের দায়িত্বে রয়েছেন। তিনিও সপ্তাহে ২-৩ দিন অফিশিয়াল কাজে চলে যান। ফলে এসব বিদ্যালয়ে ৬টি শ্রেণির কার্যক্রম চলে ১ জন শিক্ষককে দিয়ে। 

এ ছাড়াও খোর্দ্দগহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ও চরম শিক্ষক সংকটের মধ্যে রয়েছে। এতে উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষাব্যবস্থায় ধস নেমেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, তাদের বিদ্যালয়ে ছয়টি শ্রেণিতে শিক্ষার্থী রয়েছে ২২০ জন। কিন্তু শিক্ষক রয়েছেন ৩ জন। এই ৩ জন শিক্ষক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬টি শ্রেণির কার্যক্রম চালাতে গিয়ে হিমশিম খেতে হয়।

পূর্ব গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইদ্রিছ আলম বলেন, ‘আমার বিদ্যালয়ে দুই শিফটে ছয়টি শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়। এখানে শিক্ষক রয়েছেন ৩ জন। তাদের মধ্যে একজন প্রশিক্ষণে রয়েছেন। প্রধান শিক্ষক না থাকায় আমাকে অফিশিয়াল কাজে সপ্তাহে দুই দিন উপজেলায় যাতায়াত করতে হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ও পাঠদানে প্রভাব পড়ছে।’

স্থানীয় অভিভাবক সাইফুল ইসলাম জানান, শিক্ষক সংকটের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে লেখাপড়া হচ্ছে না। বিশেষ করে উপকূলের বিদ্যালয়গুলোতে নামমাত্র লেখাপড়া চলছে। এতে অভিভাবকরা শিক্ষার মান বিবেচনা করে ছেলেমেয়েদের কিন্ডারগার্টেনসহ অন্য প্রতিষ্ঠানের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) মো. হিন্দোল বারী খবরের কাগজকে বলেন, ‘বেশ কিছুদিন নিয়োগ কার্যক্রম বন্ধ, অবসর ও বদলির কারণে এসব বিদ্যালয়ে শিক্ষক সংকট সৃষ্টি হয়েছে। উপকূলের বিদ্যালয়গুলোতে শিক্ষকরা বদলি হলেও এখনো স্বপদে রয়েছেন। শূন্যপদ পূরণের জন্য ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি শিগগিরই এ সমস্যার সমাধান হবে।’

লক্ষ্মীপুরে হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, ওয়ার্ডবয় আটক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম
লক্ষ্মীপুরে হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, ওয়ার্ডবয় আটক
ছবি: খবরের কাগজ

লক্ষ্মীপুরে একটি হাসপাতালের কক্ষে ডেকে নিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে (১১) বলাৎকারের অভিযোগে রিমন হোসেন নামে এক ওয়ার্ডবয়কে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৫ জুন) সকালে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আল-মানার হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষে ঘটনাটি ঘটে। অভিযুক্ত রিমনকে আটক রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং শিগগিরই মামলা দায়ের করা হবে।’

এর আগে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আল-মানার হাসপাতালে ঘটনাটি ঘটে। পরে রাতে খবর পেয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ।

রিমন লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মজুপুর এলাকার মো. সেলিমের ছেলে এবং তিনি জেলা শহরের আল-মানার হাসপাতালের ওয়ার্ডবয় হিসেবে কর্মরত ছিলেন।

ভুক্তভোগী কিশোরের মা বলেন, ‘আমার ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী ও সহজ-সরল। সে নামাজ পড়তে বের হয়। কিছুটা আগে বের হওয়ায় আল-মানার হাসপাতালে গিয়ে টেলিভিশন দেখছিল। সেখান থেকে ওয়ার্ডবয় রিমন তাকে একটি কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করে। এ সময় আমার ছেলে চিৎকার-চেঁচামেচিও করেছে। পরে হাসপাতাল থেকে বের হয়ে সে ঘটনাটি তার বন্ধুদের জানায়।’

তিনি আরও বলেন, ‘আমি এ ঘটনায় মামলা করব।  এ ঘটনায় রিমনের বিচার চাই। ভবিষ্যতে কেউ যেন এমন ঘটনা ঘটাতে না পারে, সেজন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।’

রফিকুল ইসলাম/রিফাত/

পাটগ্রাম সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি, বিএসএফকে কড়া প্রতিবাদ

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:৩৩ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম
পাটগ্রাম সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি, বিএসএফকে কড়া প্রতিবাদ
ছবি: খবরের কাগজ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট-কামাতটারী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অবৈধভাবে মানুষকে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা প্রতিহত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও স্থানীয়রা। বর্তমানে পুশইনের জন্য নিয়ে আসা ব্যক্তিরা শূন্যরেখা (জিরো লাইন) থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে।

শুক্রবার (৫ জুন) ভোরে তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ৬১ বিজিবির পঁয়ষট্টিবাড়ি বিওপির আওতাধীন শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট-কামাতটারী সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের প্রধান পিলার ৮৪৬-এর উপপিলার ১ ও ২ নম্বরের এক পাশে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট-কামাতটারী সীমান্ত এলাকা এবং অপর পাশে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা পানিশালা সীমান্ত এলাকা অবস্থিত। এ সীমান্ত দিয়ে শুক্রবার ভোরে ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে পুশইনের চেষ্টা চালায়। এ সময় বিজিবি সদস্যরা সতর্ক ও কঠোর অবস্থানে থাকায় তাদের (বিএসএফের) অপচেষ্টা ব্যর্থ হয়।

তিস্তা ৬১ ব্যাটালিয়নের পঁয়ষট্টিবাড়ি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান বলেন, ‘পুশইনের চেষ্টা ভোররাতে করা হয়েছে। সীমান্তে আমাদের টহল দল উপস্থিত ছিল। তারা এ চেষ্টা প্রতিহত করেছে। বর্তমানে ওই ব্যক্তিরা জিরো লাইন থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কামাতটারী সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করতে পারেনি।

মিনহাজ পারভেজ/রিফাত/

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
ছবি: খবরের কাগজ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা ও তার ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. আইন উদ্দিন (৫০) এবং তার ছেলে রাশেদ মিয়া (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব ভাদেশ্বর গ্রামে আইন উদ্দিনের নির্মাণাধীন একটি বসতঘরে পানির পাম্পের বৈদ্যুতিক লাইনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এ সময় মো. আইন উদ্দিন ও তার ছেলে রাশেদ মিয়া বৈদ্যুতিক সংযোগ সচল করার চেষ্টা করেন। একপর্যায়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কাজল সরকার/রিফাত/

ফটিকছড়িতে ছাত্রলীগের গোপন সভা, গ্রেপ্তার ২

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:১০ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৫:০১ পিএম
ফটিকছড়িতে ছাত্রলীগের গোপন সভা, গ্রেপ্তার ২
চট্টগ্রামের সাবেক সিটি মেয়র মঞ্জুরের মালিকানাধীন 'আশেক-ভক্তদের বিশ্রামখানা' ভবনে ছাত্রলীগের গোপন সভা। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের ফটিকছড়িতে দোয়া মাহফিলের আড়ালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপন সভা করার অভিযোগে দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. জামান বাবু (২৩) এবং একই ওয়ার্ডের ভাঙা দীঘিরপাড় এলাকার সাইফুল ইসলাম সজিব (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ জুন বিকেল ৩টায় মাইজভাণ্ডার-নাজিরহাট সড়কসংলগ্ন চট্টগ্রামের সাবেক সিটি মেয়র মঞ্জুরের মালিকানাধীন ‘আশেক-ভক্তদের বিশ্রামখানা’ ভবনে এ সভার আয়োজন করা হয়। দোয়া মাহফিলের নামে উপজেলা ছাত্রলীগ সেখানে মূলত কর্মী সমাবেশ করেছে বলে জানান স্থানীয়রা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হন। তবে তার আগেই উপস্থিত নেতা-কর্মীরা স্থান ত্যাগ করেন।

খবর পেয়ে পুলিশ প্রাথমিক তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার প্রাথমিক সত্যতা পেয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

তবে সাবেক মেয়রের মালিকানাধীন ওই ভবনে সভা আয়োজনের বিষয়ে ভবন কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নাজমুল আলম/ আজহার/রিফাত/

রাঙ্গুনিয়ায় সড়ক ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ ,ভরসা বাঁশের সাঁকো

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:০৯ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম
রাঙ্গুনিয়ায় সড়ক ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ ,ভরসা বাঁশের সাঁকো
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একমাত্র যাতায়াতের পথ পুরাতন বালুখালী সড়কটি মাঝখানে ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজারো মানুষ ও স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা।

সড়কটি ব্যবহার করে প্রতিদিন বগাবিলী-বরগুনা এলাকার দুই হাজারেরও বেশি মানুষ চলাচল করেন। পাশাপাশি পার্শ্ববর্তী জঙ্গল বগাবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ পথেই প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করে। সড়কটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা তীব্র সংকটে পড়েছেন।

দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে শুক্রবার (৫ জুন) সকালে এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক নিজ উদ্যোগে ভাঙা সড়কের ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেন। তার এ মানবিক উদ্যোগে সাময়িকভাবে যাতায়াতের সুবিধা ফিরে পেয়েছেন দুই হাজারের বেশি পথচারী ও স্কুলপড়ুয়া শিশুরা।

এলাকার বাসিন্দা নুরু সরদার বলেন, ‘বালুখালী সড়কটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাঁকো নির্মাণের ফলে আপাতত চলাচলের সুযোগ তৈরি হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য এমপি হুমাম কাদের চৌধুরীর কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি এমপি হুমাম কাদের চৌধুরীর পক্ষে এলাকাটি পরিদর্শনে আসেন তার প্রতিনিধি ইউছুপ চৌধুরী
জানান, অচিরেই শামুকছড়ি খাল খনন এবং বালুখালী খালের ওপর স্থায়ী সেতু নির্মাণকাজ শুরু হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, সরকারের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নিয়ে সড়কটির স্থায়ী সংস্কার করা হবে এবং ভবিষ্যতে আর কোনো শিশু বা পথচারীকে এ ধরনের ভোগান্তি পোহাতে হবে না।

মুহাম্মদ তৈয়্যবুল/খাদিজা রুমি/রিফাত/