দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। শেষ সময়ে মহাসড়কে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। টানা ৭ দিনের ছুটির সুযোগে বুধবার (১৮ মার্চ) সকাল থেকেই রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি। এতে এদিন বেশ স্বস্তিতে যানে চলাচল করছেন ঘরমুখী যাত্রীরা।
গত ২৪ ঘণ্টায় মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা দিয়ে মোট ৫২ হাজার ৮৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৬৩৯ টাকা।
বুধবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন।
যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ বাড়লেও এখন পর্যন্ত মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বড় ধরনের কোনো যানজটের খবর পাওয়া যায়নি। এতে স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন খবরের কাগজকে জানান, ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে সাইনবোর্ড থেকে মেঘনা সেতু পর্যন্ত এলাকায় ১২৪ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ খবরের কাগজকে জানান, মহাসড়কে ছিনতাই, ডাকাতি ও যানজট নিরসনে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাছাড়া থানার পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম নিযুক্ত করে পুলিশের সঙ্গে মহাসড়কে দায়িত্ব পালন করছে। এবারের ঈদযাত্রা আশা করি স্বস্তির হবে।
ইমরান/এসজি/