নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনাঘাটে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে কাওসার (৩০) নামে দগ্ধ আরও একজন মারা গেছেন। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
সোমবার (১৮ মে) সকাল ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাউসারের শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে একই ঘটনায় দগ্ধ শঙ্কর গোমেজ ও মো. আমির নামে দুই যুবক মারা যান।
ডা. শাওন আরও জানান, গত ১৩ মে বুধবার দুপুর পৌনে ২টার দিকে দগ্ধ অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। দগ্ধের পরিমাণ কম হওয়ায় ছয়জনকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
১৩ মে বুধবার দুপুর ১টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকায় ‘জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড’ এর ক্যান্টিনে গ্যাস সিলিন্ডারের লিকেজে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার সময় কর্মীরা ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হলে সেখানে থাকা ১২ জন দগ্ধ হন।
আশঙ্কাজনক অবস্থায় ৬ জনের মধ্যে বৃহস্পতিবার (১৪ মে) শংকর গোমেজ, শনিবার (১৬ মে) মো. আমির এবং সোমবার (১৮ মে) মো. কাউসার মারা যান।
ইমরান/আমান/