দিনাজপুরে কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড রোদ আর দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছেন জেলার সাধারণ মানুষ। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এর সঙ্গে ঘনঘন লোডশেডিং যুক্ত হওয়ায় জনভোগান্তি আরও বেড়েছে।
সকাল থেকেই প্রখর রোদে উত্তপ্ত হয়ে উঠছে জনপদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকায় দুপুরের পর রাস্তাঘাটে মানুষের উপস্থিতি অনেকটাই কমে যায়। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না।
তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণশ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ জীবিকার তাগিদে প্রচণ্ড রোদের মধ্যেই কাজ করতে বাধ্য হচ্ছেন। অতিরিক্ত গরমে অনেকেই ক্লান্তি, মাথা ঘোরা ও পানিশূন্যতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
এর মধ্যে ঘনঘন লোডশেডিং জনদুর্ভোগকে আরও বাড়িয়ে দিয়েছে। দিনের পাশাপাশি রাতেও বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত থাকায় স্বস্তি মিলছে না সাধারণ মানুষের। গরমে অতিষ্ঠ মানুষ বিদ্যুৎ না থাকায় বাড়তি ভোগান্তির শিকার হচ্ছেন।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুর রহমান জানান, মঙ্গলবার বেলা ৩টায় দিনাজপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সবাইকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং বেশি বেশি পানি পান করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সুলতান মাহমুদ/সালমান/