উত্তরাঞ্চলের তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জব ফেয়ার।
বুধবার (১৭ জুন) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও শহরের জয়নাল আবেদীন মিলনায়তনে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
জব ফেয়ারে প্রায় ৪০০ জন চাকরিপ্রত্যাশী তরুণ, তরুণী এবং ১১টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলার মাধ্যমে ইতোমধ্যে প্রায় ২০০ চাকরিপ্রত্যাশীর কর্মসংস্থান নিশ্চিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইকো পাঠশালা অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার।
ইএসডিও'র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিকেএসএফের প্রোগ্রাম ম্যানেজার কাজী মশরুর-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনোয়ার পাশা খান এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ জিন্নাতারা ইয়াছমিন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসডিও'র কর্মকর্তা সুজন খান।
বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য। চাকরিপ্রত্যাশীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে।
তারা আরও বলেন, কোভিড-১৯ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অর্থনৈতিক পুনরুদ্ধারে ‘রেইজ’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে প্রকল্পটি উত্তরাঞ্চলের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
উল্লেখ্য, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় বাস্তবায়িত হচ্ছে ‘রেইজ’ প্রকল্প। প্রকল্পের আওতায় শিক্ষানবিশ প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ, পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি (আরপিএল) সনদ প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নবীন হাসান/এসএন