ঢাকা ১০ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ২৫ জুলাই ২০২৬

সর্বশেষ
বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ বাংলাদেশের নতুন অর্জন AKS বিইউএফটিতে সিসিপি কর্মসূচির উদ্বোধন, সনদ বিতরণ ও চাকরি মেলা অনুষ্ঠিত মেটলাইফের ৬ মাসে ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি লালমনিরহাটে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ নাভারণে মসজিদ নির্মাণকাজে বিএনপি নেতার বাধা দেশ বদলাতে হলে আগে বদলাতে হবে নিজেদের: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, বাবা কে? ঢাকা রিজেন্সি ও রিহ্যাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বাজিতপুরে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু সমালোচনা করার পরিবেশ নিশ্চিত করতে হবে: মাহমুদুর রহমান ধর্মেন্দ্র প্রধানের বিদায়ে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি জনগণের ভোগান্তি কমাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী শ্রীনগরে বাস-নসিমনের সংঘর্ষে নিহত ২ বার্সেলোনা অধ্যায় শেষে আয়াক্সে পাড়ি জমাচ্ছেন টের স্টেগেন সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: যথাযথ সমীক্ষা হয়েছে কি না তদন্তের দাবি হাতীবান্ধা থানার ৪ পুলিশ কর্মকর্তা ক্লোজড ছয় মাসে পানিতে ডুবে ৫৮২ জনের মৃত্যু, ৫২৬ জনই শিশু ডিজিটাল টোল সংগ্রহে ইবিএল ও সওজ অধিদপ্তর চুক্তি নৈতিক সাংবাদিকতা প্রসারে এডাস্টে ‘এথিক্যাল জার্নালিজম’ শর্ট কোর্সের শুভ উদ্বোধন শরীয়তপুরে ছাত্রীদের যৌন হয়রানি করা সেই যুবক আটক বায়ার্ন মিউনিখের সঙ্গে নতুন চুক্তির আলোচনায় হ্যারি কেইন পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: ভূমিমন্ত্রী পটিয়ায় ডিবির অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ২ বিজিবির কড়া অবস্থানে পরশুরাম সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ ধানমন্ডি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানিট্র্যাপ’ চক্রের ৪ সদস্য আটক জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি বকর-সম্পাদক শামীম গ্রীষ্মে আইফেল টাওয়ারের উচ্চতা বাড়ে ১৫ সেন্টিমিটার!

সলিমপুরে পাহাড়-টিলা কাটছে কারা, জানে না প্রশাসন!

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম
সলিমপুরে পাহাড়-টিলা কাটছে কারা, জানে না প্রশাসন!
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর আবাসিক এলাকার পাশের পাহাড় ও টিলা কেটে আবাসিক প্লট তৈরি করা হচ্ছে। আবাসিক এলাকার পাশে উচ্চমূল্যে বিক্রির জন্য পাহাড় কেটে মাটি সরিয়ে প্লট তৈরি করছে একটি চক্র।

স্থানীয়দের দাবি, দিনের পর দিন পাহাড় কেটে ট্রাকে করে মাটি সরিয়ে নেওয়া হলেও কারা এ কাজ করছে, সে বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কাছে সুস্পষ্ট কোনো তথ্য নেই। ফলে পরিবেশ ধ্বংসের পাশাপাশি ভবিষ্যতে প্লট তৈরির জন্য কাটা পাহাড়ে ধসের ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি সলিমপুর আবাসিক এলাকার পাশের কয়েকটি টিলায় ভারী যন্ত্র (স্কেভেটর) ব্যবহার করে মাটি কাটা হচ্ছে। কাটা মাটি বিভিন্ন স্থানে বিক্রির জন্য ট্রাকে করে সরিয়ে নেওয়া হচ্ছে। অথচ প্রকাশ্যে এমন কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না।

সোমবার (২০ জুলাই) রাতে স্কেভেটর নিয়ে সলিমপুর সিডিএ আবাসিক এলাকার পূর্ব পাশে পাহাড় কাটার দৃশ্য দেখা যায়। স্কেভেটর দিয়ে মাটি কেটে তা বিক্রি করছে পাহাড় খেকোরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনৈক নাছির ও সাইমন নামে ব্যক্তিরা স্থানীয় জুবাইরের মাধ্যমে আবাসিক প্লট তৈরি করে বিক্রির উদ্দেশ্যে পাহাড়-টিলা কাটাচ্ছেন।

সিডিএ আবাসিক এলাকার দায়িত্বপ্রাপ্ত গার্ড (দারোয়ান) মাসুদ করিম বলেন, গত সপ্তাহে স্কেভেটর এনে টিলা ভরাট করে সমতল করেন মোহাম্মদ নাছির। তিনি আবাসিক এলাকার প্লট বিক্রির ব্রোকার। সোমবার রাতে স্কেভেটরটি সরিয়ে নেওয়া হয়। বিষয়টি স্থানীয় পুলিশকে মুঠোফোনে জানানো হলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি বলে জানান তিনি।

তবে নাছির, সাইমন ও জুবায়েরের মোবাইলফোনে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন। পাহাড় কাটার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান তারা। তবে নাছির জানান, তিনি বিভিন্ন সময় সিডিএর আবাসিক প্লট বৈধ প্রক্রিয়ায় বেচাকেনা করে থাকেন।

পরিবেশবাদীদের মতে, পাহাড় ও টিলা কাটা শুধু পরিবেশ সংরক্ষণ আইনের পরিপন্থী নয়, এতে পাহাড়ের স্থিতিশীলতাও নষ্ট হয়। বর্ষা মৌসুমে পাহাড়ধসের ঝুঁকি বাড়ে এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়ে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মুসলেহ উদ্দীন/রিফাত/

লালমনিরহাটে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:২১ পিএম
লালমনিরহাটে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে আদিতমারী উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা  করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ভেবালাড়ী নামুড়ীর পাড় এলাকার ‘মাদ্রাসাতু তাহফিযীল কুরআন ওদ্দীনিয়া হাফেজিয়া মাদ্রাসার’ হেফজ বিভাগের ছাত্র শিশুটি আবাসিকভাবে মাদরাসায় অবস্থান করত।

অভিযোগে বলা হয়েছে, বুধবার (২১ জুলাই)  রাত সাড়ে ১২টার দিকে মাদরাসার শিক্ষক মো. শাহজালাল হক (২৩) শিশুটিকে মাথা টিপে দেওয়ার কথা বলে ডেকে নেন। পরে জোরপূর্বক তাকে বলাৎকার করেন এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখান।

পরদিন (২২ জুলাই) সকালে শিশুটি বাড়িতে আসলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি বলে শিশুটি।

পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদরাসায় গেলে অভিযুক্ত শিক্ষক ছুটিতে আছেন বলে জানায় মাদরাসা কর্তৃপক্ষ।

পরে শনিবার (২৪ জুলাই) রাতে অভিযুক্ত শিক্ষক মাদরাসায় আসেলে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এজাহারে দাবি করা হয়, সে সময় তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেন। এসময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে তাকে আদিতমারী থানায় নিয়ে যাওয়া হয়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব সজিব জানান,  ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাহফুজুল ইসলাম/এএফ

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, বাবা কে?

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:৫৫ পিএম
বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, বাবা কে?
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর গ্রামে স্বামী পরিত্যক্তা, এতিম এক শারীরিক ও আংশিক বুদ্ধিপ্রতিবন্ধী নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন। অনাগত সন্তানের পিতৃত্ব নিয়ে বিভিন্ন অভিযোগ ও পাল্টা বক্তব্য সামনে এলে এ নিয়ে স্থানীয়দের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী নারীর ভাষ্য অনুযায়ী, দুই বছর আগে চুয়াডাঙ্গার বাবলু শেখ নামে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। তবে দীর্ঘদিন ধরে স্বামী তার কোনো খোঁজখবর নেন না। বিয়ের পরও তিনি মায়ের সঙ্গে মামা বাড়িতে বসবাস করতেন। মা মারা যাওয়ার পর জীবিকার তাগিদে বিভিন্ন বাড়িতে গৃহস্থালির কাজ করে জীবনযাপন করতেন।

ভুক্তভোগীর দাবি, প্রতিবেশী অহিদ শেখের বাড়িতে কাজ করার সুবাদে তার ছেলে মেহেদী হাসান শেখের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়। তবে মেহেদী হাসানের বাড়ি থেকে ভয়ভীতি দেখানো হয়েছে তার ছেলের কথা বললে তাকে মেরে ফেলা হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেহেদী হাসান শেখের বাবা অহিদ শেখ বলেন, আমার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা প্রমাণিত নয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে সত্য উদঘাটন করা হোক। আমার ছেলে জড়িত প্রমাণিত হলে আইন অনুযায়ী যে শাস্তি হবে, তা আমরা মেনে নেব।

স্থানীয়দের দাবি, একই গ্রামের বাসিন্দা তারা শেখ, সায়েম শেখ তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে ইতঃপূর্বে অভিযোগ তুলেছেন ওই নারী। তবে এবার ভয়ভীতি দেখানোতে অনাগত সন্তানের জনকের বিষয়ে মেহেদী হাসানের কথা বলছেন তিনি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ভুক্তভোগী দীর্ঘদিন অহিদ শেখের বাড়িতে যাতায়াত করতেন। সম্প্রতি তার গর্ভধারণের বিষয়টি নজরে এলে কয়েকজন নারী তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। তবে তিনি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করায় অনাগত সন্তানের বাবা কে? তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে অভিযুক্ত মেহেদী হাসান শেখ মোবাইলে বলেন, আমাদের বাড়িতে ওই নারী যাওয়া আসা করতো এটা ঠিক। মূলত ভুক্তভোগীর সঙ্গে তারা শেখ, সায়েম শেখ অনৈতিক কাজ করছে; যা এলাকার অনেকেই জানে। ওই নারী একা-একা তাদের বাড়িতেই থাকেন। তাকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে আমার নাম বলানো হচ্ছে। অনাগত সন্তানটির ডিএনএ টেস্ট করা হোক, আমার সঙ্গে যদি সম্পৃক্ততা পায়, দেশের আইনে যে বিচার আছে তা আমি মাথা পেতে নেব।

অন্যদিকে, তারা শেখ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।

এ ব্যাপারে শেখর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) রিজাউল বলেন, লোকমুখে শুনেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তার সত্যতা নিশ্চিত করতে মেডিকেল পরীক্ষা করা উচিত। তদন্তে কেউ দায়ী হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি জানা ছিল না। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেন নি। তারপরও একজন অফিসার পাঠিয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।

নয়ন/নাঈম

বাজিতপুরে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম
বাজিতপুরে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের বাজিতপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে বাজিতপুর পৌরসভার মীরারবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- মীরারবন্দ গ্রামের সুজন মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে মো. তাসিন এবং একই এলাকার শাওন মিয়ার পাঁচ বছর বয়সী মেয়ে জান্নাতুল মাওয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তাসিন ও মাওয়া বাড়ির পাশে একসঙ্গে খেলছিল। খেলার কোনো একপর্যায়ে তারা দুজনেই পাশের একটি খালে পড়ে গিয়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে শেষ পর্যন্ত স্থানীয় স্বজনরা খালে খুঁজতে থাকেন। একপর্যায়ে খাল থেকে তাসিন ও মাওয়ার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তাসলিমা আক্তার/এএফ

শ্রীনগরে বাস-নসিমনের সংঘর্ষে নিহত ২

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:১৮ পিএম
শ্রীনগরে বাস-নসিমনের সংঘর্ষে নিহত ২
ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমনেরচালক মজনু (৩৬) ও চালকের সহযোগী দুলাল মনি দাস (৪২) নিহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরপাড়া নতুন রাস্তা মোড় এলাকায় হাসাড়া-বাড়ৈখালী সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসাড়া এলাকায় কাঠ নামিয়ে নসিমনটি বাড়ৈখালীর দিকে ফিরছিল। লস্করপুর নতুন রাস্তা মোড় এলাকায় পৌঁছালে বাড়ৈখালী থেকে ঢাকাগামী বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নসিমনের সংঘর্ষ হয়। সংঘর্ষে নসিমনেরচালক ও সহযোগী গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বৈশাখী পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে বাস নিয়ে ঢাকার দিকে পালিয়ে যান।

নিহত দুলাল মনি দাসের ভাই স্বপন মনি দাস জানান, শিবরামপুর হাট উপলক্ষে কাঠ বহন করে হাসাড়ায় পৌঁছে দেওয়ার পর ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় তার ভাই ও নসিমনচালক মজনু নিহত হন।

শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সুমন/রিফাত/

হাতীবান্ধা থানার ৪ পুলিশ কর্মকর্তা ক্লোজড

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম
হাতীবান্ধা থানার ৪ পুলিশ কর্মকর্তা ক্লোজড
ছবি: খবরের কাগজ

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে প্রাইভেটকারসহ বিপুল পরিমাণ মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে ক্লোজড (পুলিশ লাইনে সংযুক্ত) করা হয়েছে। 

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় জেলা পুলিশ তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ লাইনে সংযুক্ত করা চার কর্মকর্তা হলেন- হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন, এসআই রিমন মিয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম এবং এএসআই লুৎফর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোর্ডের হাট বাজার এলাকায় এক চিহ্নিত মাদক কারবারির বাড়িতে অভিযান চালান ওই চার কর্মকর্তা। অভিযানে একটি সাদা প্রাইভেটকার, একটি মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

তবে অভিযোগ রয়েছে, জব্দ করা আলামত থানায় না নিয়ে কয়েক কিলোমিটার দূরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নেওয়া হয়। সেখানে অভিযুক্তদের সঙ্গে বৈঠক ও দরকষাকষির একপর্যায়ে ১০ লাখ টাকার বিনিময়ে প্রাইভেটকারসহ মাদকের চালান ছেড়ে দেওয়া হয়। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে থাকা সিসিটিভি ফুটেজে ঘটনাটির বিভিন্ন অংশ ধরা পড়লে বিষয়টি জানাজানি হয়।

এদিকে, একই অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা ১৮ জুলাই উপজেলার ভবানীপুর গ্রামে আরেকটি অভিযানে গেলে স্থানীয়দের তোপের মুখে পড়েন। এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠায় জেলা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের প্রাথমিক পর্যায়ে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত চার কর্মকর্তাকে লালমনিরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ‘ঘটনার প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এজন্য চার পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বকুল/রিফাত/