মহেশখালীতে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার দুই মাস্টার এজেন্টকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ সিকদার পাড়ার ‘বউয়ের জালা’ হোটেলের সামনের পাকা রাস্তা থেকে অনলাইন জুয়া খেলার সরঞ্জামসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ সাইরার ডেইল এলাকার মো. শাহেদ (২১) এবং মো. আলফাজ (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মোজাহারুল ইসলাম ও সহকারী উপপরিচালক (এএসআই) ওয়াসীম মিয়াসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি মো. আব্দুস সুলতান জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার অবৈধ কারবার করছিল। তাদের বিরুদ্ধে মহেশখালী থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরাধ ও অনলাইন জুয়া নির্মূলে মহেশখালী থানা পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মো. মঞ্জু/থিওটোনিয়াস