মুন্সীগঞ্জের শ্রীনগরে পারিবারিক কলহের জেরে বাবার ছুরিকাঘাতে আহাদ নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের জোর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহাদের বাবার নাম আবুল হোসেন।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রাহমান বলেন, 'নিহত আহাদ মাদকাসক্ত ছিলেন। মাদক কেনার জন্য বাবার কাছে ১৫ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আহাদ ছুরি নিয়ে বাবাকে আঘাত করতে গেলে তা নিজের পেটে লাগে। পরে নিজেকে বাচাঁতে আবুল হোসেন ছুরি কেড়ে নিয়ে ছেলেকে আঘাত করেন। এতে আহাদ মারা যান। অভিযুক্ত আবুল হোসেনকে পুলিশ হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা চলমান।
আবুল হোসেন সাংবাদিকদের বলেন, 'আমার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য আমাকে সব সময় চাপ দিত। আমি অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। আজ সকালে সে আবার টাকা চাইলে অস্বীকার করি। তখনই আমাদের মধ্য হাতাহাতি হয়।'
আবুল হোসেনের জামাতা মো. হামিম আহমেদ জানান, আমার শ্যালকে মাদকাসক্তের কারণে দীর্ঘদিন রিহ্যাবেও রাখা হয়েছিল, কিন্তু কোনো পরিবর্তন হয়নি।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।