গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে ভাই ও ভাতিজাদের লাঠির আঘাতে আনন্দ ষোষ (৪৫) নিহত হয়েছেন।
রবিবার (১৪ সেপ্টম্বর) রাতে উপজেলার উনশিয়া গ্রামের ঘোষ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আনন্দ ঘোষ উনশিয়া গ্রামের সুধীর ঘোষের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন আনন্দ ঘোষের বাড়ির ছাদের পানি পড়া নিয়ে আপন তিন ভাইয়ের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ভাই গৌরাঙ্গ ঘোষ, কালা ঘোষ ও যুগল ঘোষ এবং ভাতিজা নয়ন ঘোষ ও সৌরভ ঘোষ লাঠি দিয়ে পিঠিয়ে আনন্দ ঘোষকে আহত করে। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী আনন্দ ঘোষকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী বাচ্চু হাওলাদার বলেন, এই ছাদের পানি পড়া নিয়ে এলাকার ব্যক্তিদের নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। কিন্তু সালিশের কোন সিদ্ধান্তই তারা মানে না। শেষ পর্যন্ত সামান্য ছাদের পানি পড়া নিয়ে ভাই, ভাতিজাদের হাতে আনন্দকে জীবন দিতে হলো।
আনন্দ ঘোষের স্ত্রী মিতা ঘোষ বলেন, দিনে বৃষ্টি হয়েছে। ছাদ থেকে এই পানি পড়ায় রাতে আমার দেবর ও ভাসুররা বাড়িতে এসে আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, উনশিয়া গ্রামের ব্যবসায়ী আনন্দ ঘোষের সঙ্গে বাড়ির ছাদের পানি পড়া নিয়ে তার আপন ভাই গৌরাঙ্গ ঘোষ, কালা ঘোষ ও যুগল ঘোষের মধ্যে বিরোধ ছিল। পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বাদল সাহা/মৌসুমী/