নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনা ও মজুদ নিয়ে আলাপচারিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিএনপি নেতা বজলুর রহমান ওরফে ডন বজলুসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়। আজ সন্ধ্যায় র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার বজলুর রহমান সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন। বজলু ব্যতীত অন্যান্য গ্রেপ্তাররা হলেন- কাঁচপুরের ইউসুফ ওরফে বাদল, সাইফুল এবং আব্দুল জব্বার।
এর আগে, গত ২১ জানুয়ারি রাতে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা বজলুর রহমান তার কর্মী সমর্থকদের নিয়ে গজারিয়ার মিয়ামি নামের একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন।
খাওয়াদাওয়াকালীন সময়ে তার সঙ্গে থাকা ব্যক্তিদের মধ্যে একজনকে নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ এলাকায় প্রচুর অবৈধ অস্ত্র মজুদ করা হচ্ছে বলে মন্তব্য করতে শোনা যায়। একই ভিডিওতে বজলুর পাশে বসা আরেকজনকে বজলুর কানে কানে বলতে শোনা যায় নির্বাচনের জন্য আমাদের আরও দুটি অস্ত্র দরকার। তাদের এই কথোপকথনে অবৈধ অস্ত্র মজুদের বিষয়টিও স্পষ্টভাবে উঠে আসে।
ইমরান হোসেন/সুমন/