যশোরের মণিরামপুর উপজেলায় আরিফ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (২ মার্চ) উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড় সংলগ্ন একটি মাছের ঘের থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত আরিফ হোসেন স্থানীয় গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের একমাত্র ছেলে। নৃশংস এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে আনোয়ার ফকিরের মাছের ঘেরের পাড়ে রক্তের দাগ দেখতে পান পথচারীরা। পরে ঘেরের পানিতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, রবিবার (১ মার্চ) গভীর রাতে দুর্বৃত্তরা আরিফকে অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এরপর মরদেহটি ঘেরের পানিতে ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে মণিরামপুর থানা ও নেহালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মরদেহের ময়নাতদন্তের জন্য দুপুরে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরে ধারাল অস্ত্রের একাধিক গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে আরিফের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনরা দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তুহিন/নাঈম