নারায়ণগঞ্জের সোনারগাঁয় নাজিম উদ্দিন (৪৪) নামে এক ইন্টেরিয়র ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে যুবলীগ নেতারা। এ ঘটনায় তার গোডাউনে চালিয়ে ভাঙচুরও করা হয়।
মঙ্গলবার (১২ মে) সকাল ৮টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঋষিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা ব্যবসায়ীকে আহত অবস্থায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত ব্যবসায়ী বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামের জিপসন ও ইন্টেরিয়র ব্যবসায়ী নাজিম উদ্দিন মোগরাপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। ভুক্তভোগী ব্যবসায়ী এলাকায় তার ব্যাপক প্রচার প্রচারণা চালান, এতেই ক্ষিপ্ত হন মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও ওর্য়াডের সাবেক সদস্য মো. মজিবুর রহমান। এ নিয়ে দুপক্ষের মধ্যে বেশকিছু দিন যাবৎ শত্রুতা ও বিরোধ চলছিল।
আজ সকাল ৮টার দিকে ব্যবসায়ী নাজিমউদ্দিন কাবিলগঞ্জ ঋষিপাড়া এলাকায় তার ব্যবসায়ী গোডাউনে যায়। এ সময় যুবলীগ নেতা মজিবুর রহমানের নেতৃত্বে জাহের, ইয়ান, ইয়ামিনসহ ৪/৫ জনের একটি দল পূর্ব পরিকল্পিতভাবে রামদা, চাপাতি, লোহার রড, কাঠের ও বাঁশের লাঠি সোঠা ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ীর গোডাউনে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।
হামলাকারীরা ব্যবসায়ী নাজিম উদ্দিনকে অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা ওই ব্যবসায়ীকে আহত অবস্থায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত ব্যবসায়ী নাজিম উদ্দিন জানান, আমি আমার ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করবো। আমি এলাকার লোকজনদের পাশে থেকে তাদের বিভিন্ন সেবা দিয়ে আসছি। এ নিয়ে সাবেক মেম্বার যুবলীগ নেতা মজিবুর রহমান আমাকে ও আমার কর্মকাণ্ডে হিংসা করে, বিভিন্ন সময়ে এ নিয়ে কথাকাটাকাটি হয়ে এক পর্যায়ে তার সঙ্গে শত্রুতা ও বিরোধ চলে। এ বিরোধের জেরেই আজ সকালে মজিবুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রে সজ্জিত হয়ে আমার গোডাউনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং আমাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। হামলাকারীরা আমার গোডাউনে থাকা জিপসন, ইন্টোরিয়ার ডিজাইন, ডেকোরেশনের যাবতীয় মালামাল ভাঙচুর করে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতিসাধন করে।
অভিযুক্ত মজিবুর রহমান ঘটনা অস্বীকার করে বলেন, তারা আমার আত্মীয়, এখানে কোনো হামলার ঘটনা ঘটে নি। আমি অসুস্থ, আজ ফজর নামাজের পর ঢাকায় গিয়েছি রক্ত পরীক্ষা করাতে, আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তাদের জায়গায় একটি কাঁঠাল গাছ নিয়ে অন্য লোকের সঙ্গে দ্বন্দ্ব, তারাই হামলা করেছে বলে আমি শুনেছি।
সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইমরান হোসেন/নাঈম