ইসলামী ব্যাংকে নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর আহ্বানে গতকাল বৃহস্পতিবার এক ঘণ্টা কলমবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। ব্যাংকের লেনদেনসহ সব ধরনের কার্যক্রম এক ঘণ্টা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিলেন আন্দোলনকারীরা।
তবে কিছু শাখায় কলমবিরতি পালিত হলেও অধিকাংশ শাখায় তা হয়নি বলে জানা গেছে। এদিকে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসাইন বলেন, ‘ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা নেই। কেউ সেবা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ইসলামী ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে ব্যাংকটির ৪০০টি শাখা ও ২৬৫টি উপশাখা রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় প্রায় ৬৫টি শাখা রয়েছে। আন্দোলনকারীদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর প্রায় ২৪টি শাখায় কলমবিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে খোঁজ নিয়ে জানা যায়, আন্দোলনকারীরা যেসব শাখার কথা বলেছে, তার অনেক শাখায় কলমবিরতি পালন হয়নি।
সেখানে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। খোঁজ নিয়ে এবং গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো কোনো শাখায় ব্যাংকের সার্ভার ডাউন কিংবা ইন্টারনেট কাজ করছে না– এ ধরনের অসত্য কথা বলে এক ঘণ্টা সেবা দেননি কর্মকর্তারা। আবার কোনো কোনো শাখায় এ সময় তেমন কোনো গ্রাহক দেখা যায়নি। তবে এই সংখ্যাটি নিতান্ত কম। অধিকাংশ শাখায় সেবা কার্যক্রম স্বাভাবিক ছিল।
আন্দোলনকারীদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়, মতিঝিল লোকাল অফিস, বাসাবো শাখা, শাহজাহানপুর শাখা, পল্টন শাখা, রমনা শাখা, বংশাল শাখা, নবাবপুর শাখা, ইসলামপুর শাখা, সদরঘাট শাখা, কামরাঙ্গীরচর শাখা, যাত্রাবাড়ী শাখা, দনিয়া শাখা, ডেমরা স্টাফ কোয়ার্টার শাখা, দয়াগঞ্জ শাখা, চকবাজার শাখা, মৌলভীবাজার শাখা, পান্থপথ শাখা, ভিআইপি রোড শাখা, গেন্ডারিয়া শাখা, ওয়াইজঘাট শাখা, নিউমার্কেট-এলিফ্যান্ট রোড শাখা, বাংলামোটর শাখা, বিজয়নগর উপশাখা, শ্যামপুর উপশাখা, গোড়ান উপশাখা, কোনাপাড়া উপশাখা, হাতিরপুল উপশাখা, ডেমরা উপশাখা, মোহাম্মদবাগ উপশাখা, পোস্তগোলা উপশাখা, লোহারপুল উপশাখায় কলমবিরতিতে ব্যাংকিং কার্যক্রম বন্ধ ছিল। এ সময় এসব শাখায় সাধারণ গ্রাহকদের উপস্থিতি দেখা যায়নি।
প্রধান কার্যালয়ের সামনে কলমবিরতি পালনের সময় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জোন পরিচালক অধ্যাপক নুর নবী মানিক জানান, ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ এবং ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহালসহ মোট ৭ দফা দাবিতে সচেতন গ্রাহক ফোরাম মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে দাবি জানালেও বাংলাদেশ ব্যাংক কোনো পদক্ষেপ না নেওয়ায় গ্রাহক ফোরামের পক্ষ থেকে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা কলমবিরতির আহ্বান জানানো হয়।
গ্রাহক ফোরামের দাবির প্রতি সংহতি জানিয়ে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এক ঘণ্টা কলমবিরতি কর্মসূচি পালন করেন। তিনি জানান, সাধারণ আমানতকারীদের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে অবশ্যই ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে খুরশীদ আলমকে প্রত্যাহার করে নিতে হবে। নতুবা বাংলাদেশ ব্যাংক ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
কর্মকর্তাদের কলমবিরতির কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি
এদিকে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আমাদের পক্ষ থেকে কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই। কেউ সেবা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, গ্রাহক যদি সেবা না নিতে আসেন, তাহলে আমাদের পক্ষে তো তা দেওয়া সম্ভব না। আমাদের অফিসাররা সেবা দিতে প্রস্তুত। এখন কোন শাখায় কী হচ্ছে সেটা তো এখানে বসে জানা সম্ভব না। তবে আমরা খোঁজ রাখছি। ব্যাংকের নির্দেশনা ছাড়া যারা কলমবিরতিতে অংশগ্রহণ করবেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আন্দোলনকে কেন্দ্র করে যদি গ্রাহক সব টাকা তুলে নিয়ে যান তখন ব্যাংকের কী হবে–এমন প্রশ্নে এমডি বলেন, একটা ব্যাংক থেকে যদি গ্রাহক এক দিনে সব টাকা তুলে নিয়ে যান তাহলে ব্যাংক তো বন্ধ হয়ে যাবে। এটা কখনোই হয় না। আন্দোলনসহ নানা কারণে টাকা তোলার চাপ আছে। তবে সেটা এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। যদিও সেটা অন্যান্য সময়ের তুলনায় বেশি। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি।
কলমবিরতি পালনে চট্টগ্রামে তেমন সাড়া মেলেনি
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে ব্যাংকের বিভিন্ন শাখায় এক ঘণ্টার কলমবিরতিতে তেমন সাড়া মেলেনি। কয়েকটি শাখায় সেবা দানের কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও বেশির ভাগ শাখায় কার্যক্রম ছিল স্বাভাবিক। চট্টগ্রামে ইসলামী ব্যাংকে ৫২টি শাখা, ৩৭টি উপশাখা এবং শতাধিক এজেন্ট ব্যাংকিং রয়েছে। এর মধ্যে লোহাগাড়া, বোয়ালখালী, বহদ্দারহাট, পাঁচলাইশ, চকবাজার, হালিশহর, কর্ণফুলী, জুবিলি রোড, নন্দনকানন উপশাখা এবং স্টেশন রোড শাখায় এক ঘণ্টা ব্যাংকিং সেবা ব্যাহত হয় বলে জানা গেছে।
জানতে চাইলে ইসলামী ব্যাংক নাজিরহাট শাখার ব্যবস্থাপক তানভীর হাসান খবরের কাগজকে জানান, এটা গ্রাহকদের আন্দোলন, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন নয়। তারা কোনো ধরনের কলমবিরতি পালন করেননি।
সকাল ১০টার দিকে আগ্রাবাদ শাখায় দেখা গেছে, সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে কিছু লোক মানববন্ধন করেছেন। তবে ভেতরে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক ছিল। এদিকে, বোয়ালখালী শাখায় কলমবিরতির সময় গ্রাহকের উপচেপড়া ভিড় ছিল। তবে কিছু কর্মকর্তা সেসময় সেবা দান থেকে বিরত ছিলেন। পাঁচলাইশ শাখায় কলমবিরতি কিছুটা পালন হয়েছে।
লোহাগাড়া উপজেলা শাখায় কর্মকর্তারা গ্রাহকদের সার্ভার ডিস্টার্ব বলে এক ঘণ্টা সেবা দানে বিরত ছিলেন। গ্রাহকদের অভিযোগ, তারা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লোহাগাড়া শাখায় লেনদেন করতে পারেননি। তাদের ব্যাংক থেকে জানানো হয় সার্ভার ডাউন। অসত্য তথ্য দিয়ে সেবা না দেওয়ার বিষয়টি কিছুক্ষণ পর গ্রাহকরা বুঝে গেলে কেউ কেউ কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়ান। তবে ততক্ষণে ঘণ্টা পেরিয়ে গেলে ফের ব্যাংকিং কার্যক্রম শুরু হয়।