ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সর্বশেষ
পেনাল্টি গোলে চেক প্রজাতন্ত্রকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা অপ্সরার আন্তর্জাতিক অভিষেক আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে কারাগারে আওয়ামী লীগ নেতা বাদশা গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য, উদ্ধার করে হাসপাতালে ভর্তি মেনে নাও, মেসি সেরা: রোনালদো নাজারিও কেইনের প্রেরণা এমবাপ্পে-হালান্ড কুমিল্লায় ধর্ষণকাণ্ড: গ্রেপ্তার শিবির নেতার পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকুর নামে প্রতারণা, গ্রেপ্তার ১ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে চেক প্রজাতন্ত্র টাকার অভাবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত, সহায়তার আবেদন রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ নেইমার ভক্তদের জন্য দুঃসংবাদ সাবেক মন্ত্রী হারুণ অর রশীদ অর নেই কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু হাইতির বিপক্ষে নামার আগে ব্রাজিলকে সুখবর দিল ফিফা ওয়ালটন পিসিবিএ'র রপ্তানি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, গণপিটুনির শিকার তিন পুলিশ বিশ্বকাপে ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে কক্সবাজারে রোহিঙ্গাদের সুরক্ষায় ইইউর ১.৪ কোটি ইউরো অনুদান বিশ্বকাপে বড় ধাক্কা খেল আইভরি কোস্ট, কানাডার ভিসা পেলেন না ওয়াহি মাগুরায় নবজাতককে বিক্রি করলেন বাবা পরীমনির প্রেমে জড়িয়ে চাকরি গেল সাকলায়েনের এসএসসি ফল ঘোষণা ২০ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে ১২ ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক চাকরি স্থায়ীকরণের দাবিতে জাবির কর্মচারীদের অবস্থান মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২ সিলেটে ৩৬ ঘণ্টায় ১২২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

নির্বাচনি প্রচার-প্রচারণা পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ব্যবস্থা নিন

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম
পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ব্যবস্থা নিন

নির্বাচনি প্রচারের আজ অষ্টম দিন। ইতোমধ্যে সারা দেশে নির্বাচনি প্রচার-প্রচারণা জমে উঠেছে। দেশজুড়ে বইছে নির্বাচনি হাওয়া। প্রচার শুরুর পর এখন পর্যন্ত বড় ধরনের গোলযোগের খবর নেই। তবে পরিবেশ ক্রমশ তপ্ত হয়ে উঠছে। গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হচ্ছে, তাতে শঙ্কা বাড়ছে। অতীতের অভিজ্ঞতা থেকে নির্বাচনি প্রচারের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা করা যায়। দিন যত যাবে, উত্তাপ তত ছড়াবে। সেই উত্তাপের মাত্রা ছাড়িয়ে গেলে বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটতে পারে।

নির্বাচনে পক্ষ-প্রতিপক্ষের মধ্যে বিভিন্ন ইন্যুতে কথা হবে, ভোটারদের কাছে তারা তা পৌঁছে দেবেন, এটাই রীতি। কিন্তু এই কথাই যখন বাদানুবাদে পরিণত হয়, যদি থাকে আক্রমণের ঝাঁঝ, তাহলেই বাধে বিপত্তি। বাদানুবাদ তখন হয়ে ওঠে সংঘাতের উৎস। নির্বাচনি প্রচারে এখন প্রার্থীদের কথায় এই ঝাঁঝটাই লক্ষ করছি। অনেক জায়গা থেকে সংঘাতের খবর আসছে।

গণমাধ্যমের তথ্যমতে, বিএনপি ও জামায়াতের উল্লেখযোগ্যসংখ্যক আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এই বিদ্রোহী প্রার্থীদের আসনগুলোতে সহিংসতার ঝুঁকি তুলনামূলক বেশি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবেই সারা দেশে এ রকম ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার। 
খবরের কাগজের প্রতিবেদন থেকে জানা গেছে, তফসিল ঘোষণার পর গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত অন্তত ১৬ জন রাজনৈতিক নেতা-কর্মী নিহত হয়েছেন। বিদেশি সংবাদমাধ্যম খবর দিয়েছে, ২৪ জানুয়ারি শনিবার এক দিনে চার জেলায় একই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দেওয়া, প্রচারে বাধা দেওয়া, ভয়ভীতি দেখিয়ে ভোট চাওয়ার খবরও গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। বিভিন্ন এলাকায় এভাবে সংঘর্ষ, হত্যাকাণ্ড, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে। খোদ রাজধানীতে গত কয়েক দিনে কোনো কোনো আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেল, আইনশৃঙ্খলা বাহিনী এই সংঘর্ষ থামাতে গিয়েও সফল হয়নি। সংঘাত থামানোর সক্ষমতা তাদের আছে বলে মনে হয়নি। এসব ঘটনায় কারও ইন্ধন রয়েছে কি না, পুলিশকে তা খতিয়ে দেখতে হবে। পুলিশ জানিয়েছে, রাজনৈতিক তৎপরতা বেড়ে যাওয়ায় মাঠে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। এটা শঙ্কার দিক।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘাতের ঘটনা যে বাড়ছে, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা থেকেও তা বোঝা যায়। প্রচার শুরুর পর প্রথম ছয় দিনে রিটার্নিং কর্মকর্তা ও বিচারকদের নেতৃত্বে গঠিত নির্বাচনি অনুসন্ধান ও বাস্তবায়ন কমিটির কাছে আচরণবিধি লঙ্ঘনের কমপক্ষে ৮০টি লিখিত অভিযোগ জমা পড়েছে। অনুসন্ধান ও বাস্তবায়ন কমিটি প্রার্থীদের অভিযুক্ত করে মামলা করেছেন ৩৫টি। সাড়ে ৪ লাখ টাকার বেশি জরিমানা আদায় করেছেন। বাস্তবে লঙ্ঘনের ঘটনা আরও বেশি।

ঢাকায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দেওয়ার দিনেই লালমনিরহাটে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছেন। সব মিলিয়ে নির্বাচনি পরিবেশের অবনতি ঘটার ইঙ্গিত মিলছে। কিন্তু যেকোনো পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখার দায়িত্ব সবার। এই দায়িত্ব সবচেয়ে বেশি প্রার্থীদের। প্রার্থী ও প্রার্থীদের সমর্থকরা পরিবেশ শান্তিপূর্ণ রেখে প্রচারণা চালাচ্ছেন কি না, তা দেখার দায়িত্ব আবার নির্বাচন কমিশনের। কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন এ ব্যাপারে জোরালো ভূমিকা রাখছে বলে তথ্য নেই। প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনের বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে।

তত্ত্বাবধায়ক সরকারকেও নির্বাচনের পূর্বশর্ত হিসেবে অবাধ, উন্মুক্ত, ভয়ভীতিহীন উৎসবমুখর পরিবেশ রক্ষার ব্যাপারে আরও তৎপর হতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার দায়িত্ব মূলত সরকারের। স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে বারবার আশ্বাস দিচ্ছেন, কিন্তু পরিস্থিতি যেভাবে আক্রমণাত্মক ও অসহিষ্ণু হয়ে উঠছে, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাই সে ক্ষেত্রে হয়ে উঠতে পারে সুষ্ঠু, অবাধ, উৎসবমুখর নির্বাচনের পূর্বশর্ত। শূন্য সহনশীলতা না হোক, নির্বাচন যাতে কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সে বিষয়ে সতর্ক থেকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কিন্তু  যদি করা না যায়, তাহলে নির্বাচনের ওপর বড় ধরনের প্রভাব পড়বে, যা আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।     

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া বিধিনিষেধ আরোপ সময়ের দাবি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:৪৮ পিএম
বিধিনিষেধ আরোপ সময়ের দাবি

সমস্যাটি আকস্মিকভাবে নয়, তৈরি হয়েছে দীর্ঘ সময়ের ধারাবাহিকতায়। স্মার্টফোনের আসক্তিতে আমাদের শিশু-কিশোররা ডুবে আছে। দিনের অধিকাংশ সময় তারা ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের ভার্চুয়াল জগতে আচ্ছন্ন থাকছে। এ জগৎ মূলত অলীক, বাস্তবের নয়; এমনকি সৃজনী-কল্পনার জগৎও নয়। বর্তমান প্রজন্ম এভাবে বন্দি থাকায় খেলাধুলা আর বইয়ের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। অনেকেই ভুগছে মানসিক সংকটসহ নানা ধরনের অপরাধে। দেখা দিচ্ছে শারীরিক, সামাজিক ও সাংস্কৃতিক সংকট। একটা পুরো প্রজন্ম এখন প্রযুক্তির সুফল পাওয়ার চেয়ে প্রযুক্তির আগ্রাসনে বিপন্ন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে এই সংকট এতটাই বিস্তৃতি পেয়েছে যে বিশ্ব গণমাধ্যমে এর নিয়ন্ত্রণের খবর বেরোচ্ছে। উন্নত দেশগুলোই এ ক্ষেত্রে এগিয়ে আসছে সবার আগে। ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ করছে স্মার্টফোনের ব্যবহার।

উন্নত দেশগুলোর সঙ্গে আমাদের মতো পিছিয়ে পড়া দেশগুলোর পার্থক্য অনেক। মূল পার্থক্য শিশুদের সুরক্ষায় তাদের নানা ব্যবস্থা রয়েছে। আইনকানুনের পরিবর্তে পারিবারিক সামাজিক রাষ্ট্রিক পরিবেশ এমন যে শিশুরা সেখানে নিরাপদে বেড়ে ওঠে। এর পরও তারা স্মার্টফোনের ব্যবহার নিষিদ্ধ করেছে। সেই তুলনায় আমাদের দেশে শিশু নিরাপত্তার বিষয়টি বেশ নাজুক। সামাজিক ও পরিবেশগত নিরাপত্তার অভাবে শিশুদের নিরাপত্তা বিঘ্নিত হয়। এ রকম পরিস্থিতিতে স্মার্টফোনের ব্যবহার তাদের আরও অনিরাপদ করে তুলছে। তারা মানসিক ও শারীরিক সমস্যায় ভুগছে। এ প্রেক্ষাপটে দেশে এখন শিশু-কিশোরদের জন্য স্মার্টফোনের ব্যবহার নিষিদ্ধ করা জরুরি। শিশু-কিশোরদের নানামুখী সংকট যেভাবে বাড়ছে, তাতে এর কোনো বিকল্প নেই।

স্মার্টফোন হাতে পেলে শিশু-কিশোররা প্রথমেই সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়। ফেসবুক, ইনস্ট্রাগ্রাম, টিকটক ও ইউটিউবে সময় কাটায়। স্কুলের সময়টা যেভাবেই হোক, বাকি সময় এসবে বুঁদ হয়ে থাকে। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে তাৎক্ষণিক তৃপ্তি দেয়। প্রায় সম্পূর্ণ মনোযোগ স্মার্টফোনে নিবদ্ধ থাকে। খেলাধুলা না করায় শরীর স্থূল হয়ে পড়ে, ঘুমের ব্যাঘাত ঘটে, দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেয়, পড়াশোনায় ঘাটতি পড়ে, সৃজনীক্ষমতা লুপ্ত হতে থাকে।

বিশ্বজুড়ে সাইবার বুলিং ও ডিজিটাল হয়রানি একধরনের স্বাভাবিক প্রবণতা হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিশু-কিশোরদের যৌন হয়রানিও ঘটে। কিছুদিন আগে এই অপরাধে বাংলাদেশের একজনকে মালয়েশিয়া থেকে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। কোমলমতি ছেলেমেয়েদের কেউ কেউ সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক-মেসেঞ্জারের মাধ্যমে কাছাকাছি চলে আসায় হার্দ্রিক টানাপোড়েনেরও শিকার হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে বাল্যবিবাহের মতো ঘটনা ঘটছে। এতে বাড়ছে মানসিক সংকট, ব্যাঘাত ঘটছে পড়াশোনায়। পরিবারের সদস্যরা পরস্পরকে যদি বেশি সময় দেয়, তাহলে পারিবারিক বন্ধন স্বাভাবিক থাকে। ভার্চুয়াল জগতে শিশু-কিশোররা বেশি সময় কাটানোর জন্য এই বন্ধনও এখন অনেকটাই শিথিল, বিশেষ করে নগরজীবনে। একসময় রূপকথার বই বা অন্য সৃজনশীল বই পড়ে শিশুরা বেড়ে উঠত। স্মার্টফোনের কারণে এই অভ্যাস এখন উঠেই গেছে। বই পড়ার পরিবর্তে ফেসবুকে সময় কাটাতে ভালোবাসে শিশুরা। অপরাধ জগতেও তাদের প্রবেশ ঘটছে সহজেই। কিশোর গ্যাংয়ের উৎপত্তির উৎস এই স্মার্টফোন।

সোশ্যাল মিডিয়ার এই আসক্তি এখন বিশ্বজনীন সমস্যা। শিশু সুরক্ষায় পৃথিবীর বিভিন্ন দেশের সরকার কিশোর-কিশোরীদের সুরক্ষায় সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে। এই নিষেধাজ্ঞা অনুসারে ১৬ বছরের কম বয়সীরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, ইংল্যান্ড সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশাধিকার প্রতিরোধ করার জন্য নিজস্ব পরিকল্পনার কথা ঘোষণা করেছে। আমাদের দেশেও এখন এই বয়সী শিশুদের জন্য এর ব্যবহার নিষিদ্ধ করার সময় এসেছে। খবরের কাগজে প্রকাশিত প্রতিবেদনে এই অভিমতই দিয়েছেন দেশের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী নিষিদ্ধের নির্দেশনা চেয়ে রিটও করেছেন।

বিশেষজ্ঞদের মতে, শিশুদের এর হাত থেকে রক্ষা করা না গেলে একটা প্রজন্ম ঝুঁকির মধ্যে থাকবে। নিষিদ্ধের বিষয়টি এখনই ভেবে দেখা প্রয়োজন। তবে এককভাবে নয়, এ জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। আমরা মনে করি, সরকারের একার পক্ষে এটা নিষিদ্ধ করা সম্ভব নয়। অভিভাবক, শিক্ষক, পুলিশ, সমাজপতিদের সম্মতি ও গণমাধ্যমের প্রচারের সম্মিলিত উদ্যোগেই এটা নিষিদ্ধ করা সম্ভব। সরকার এ জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শুরু করতে পারে। অন্য দেশগুলো যেহেতু অনেক ভেবেচিন্তে, গবেষণা করে নিষিদ্ধ করেছে, আমাদেরও শিশু-কিশোরদের জন্য নিষিদ্ধ করা জরুরি।

ঢাকা-দিল্লি আবার উত্তেজনা স্বীকৃত কূটনৈতিক পথে সমাধান খুঁজতে হবে

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৫০ পিএম
স্বীকৃত কূটনৈতিক পথে সমাধান খুঁজতে হবে

ঢাকা-দিল্লি সম্পর্কে আবার একধরনের উত্তেজনা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্রাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। পরে তিনি প্রবেশের অনুমতি পেলেও দিল্লি বিমানবন্দর থেকে ঢাকায় ফিরে এসেছেন। তার ফিরে আসার এ ঘটনায় বাংলাদেশে তুমুল আলোচনার জন্ম হয়েছে। 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বাঢ়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে গতকাল, অর্থাৎ ঘটনার এক দিন পর জাহেদ উর রহমান সাংবাদিকদের কাছে তার ফিরে আসাকে ‘ইন্সট্যান্ট’ বা তাৎক্ষণিক প্রতিবাদ বলে উল্লেখ করেছেন।

খবরের কাগজে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জাহেদ উর রহমানের দিল্লি যাওয়ার বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নোট ভার্বাল দিয়ে জানানো হয়েছিল। দিল্লি বিমানবন্দরে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহও উপস্থিত ছিলেন। তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টার পরিচয় ইমিগ্রেশন কর্মকর্তাদের অবহিত করেন। কিন্তু হাসিনা সরকারের পতনের আগে তার ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করা হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে ভারতবিরোধী বক্তব্যের কারণে তার পাসপোর্ট ব্ল্যাকলিস্টেড করে ভারত। তিনি কূটনৈতিক পাসপোর্ট না নিয়ে দিল্লি গিয়েছিলেন। কালো তালিকাভুক্ত করার কারণে তাকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখা হয়। পরে খোঁজখবর নিয়ে দিল্লি ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুমতি দেয়। কিন্তু তিনি পাসপোর্ট ফেরত নিয়ে শ্রীলঙ্কার কলম্বো হয়ে দেশে ফিরে আসেন।

এ ঘটনা প্রসঙ্গে সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ খবরের কাগজকে বলেছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান প্রতিমন্ত্রীর মর্যাদা নিয়ে দিল্লিতে কেন কূটনৈতিক পাসপোর্ট না নিয়ে গেলেন। যদি আমরা ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করতে চাই, তাহলে এ নিয়ে উত্তেজনা না বাড়িয়ে কী কারণে এটা ঘটেছে, সেটা কথা বলে মিটিয়ে নেওয়া ভালো। দেশের স্বার্থকে সবার ঊর্ধ্বে স্থান দেওয়া উচিত।
বিষয়টি অনাকাঙ্ক্ষিত নিঃসন্দেহে। প্রতিমন্ত্রী মর্যাদার উপদেষ্টার ভারতে ঢুকতে না পারাটা উভয় দেশেরই কূটনৈতিক ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। বিগত অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের আমলে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। বাংলাদেশের নির্বাচিত নতুন সরকার ক্ষমতায় আসার পর সম্পর্ক উন্নয়নের আগ্রহ ব্যক্ত করেছে। ভারতের দিক থেকেও উদ্যোগ নিতে দেখা গেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা শোক জানাতে ঢাকা এসেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও কয়েকবার দিল্লি গেছেন। কূটনৈতিক পর্যায়ে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টাও রয়েছে। কিন্তু এ ঘটনাটি এমন একসময়ে ঘটল, যখন ভারত থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে কথিত বাংলাদেশিদের পুশইনের খবর আসছে। ভারতীয় সীমান্তরক্ষী ও বাংলাদেশের সীমান্তরক্ষীদের মধ্যে এ সমস্যা নিয়ে বৈঠকও হয়েছে, কিন্তু উত্তেজনা প্রশমন ঘটেনি।

পরিস্থিতি যা-ই হোক, অনাকাঙ্ক্ষিত এসব ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেদিকে আমাদের নজর দিতে হবে। ভারত বাংলাদেশ সম্পর্কে যেমন সংবেদনশীল, তেমনি আমাদেরও কূটনৈতিক সমাধান খুঁজতে হবে। এর প্রধান উপায় হচ্ছে আলাপ-আলোচনা করা। সামনে দুই দেশের মধ্যকার আরও কিছু সমস্যার সমাধান করার বিষয় রয়েছে। সেসব সমস্যা যাতে সমাধান করা যায়, সে ব্যাপারে উভয় দেশকেই সতর্ক থেকে এগিয়ে আসতে হবে। উত্তেজনা না বাড়িয়ে পরস্পরের স্বার্থে সমমর্যাদা নিয়ে সমাধানের পথ বের করতে হবে। ভারতীয়দের যেমন অতিমাত্রায় সংবেদনশীল হওয়া ঠিক হবে না, তেমনি আমাদেরও যৌক্তিক ও স্বীকৃত কূটনৈতিক পথে অগ্রসর হতে হবে।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের অনিয়ম অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:১৬ পিএম
অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল এখন যেন অনিয়মের কেন্দ্রবিন্দু। কতিপয় কর্মকর্তা ও সিন্ডিকেটের যোগসাজশে সিআরবির চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। এ কারণে সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সেখানে কাগজে-কলমে জনবল শতভাগ পূর্ণ থাকলেও বাস্তবে মাঠপর্যায়ে এর সঙ্গে কোনো মিল নেই। নিয়মিত পরিদর্শন ও তদারকির অভাবে অরক্ষিত থেকে যাচ্ছে রেলপথ। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের রেল দুর্ঘটনা। সিআরবির বিভিন্ন নথি বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

ওয়েম্যানরাই রেলপথের মূল তদারককারী। তাদের অনুপস্থিতিতে লাইনের নাট-বল্টু ঢিলা হওয়া বা ফাটল শনাক্ত না হওয়ায় লাইনচ্যুত ও বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। রেলওয়ের পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের রেললাইনে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ওয়েম্যানদের একটি বড় অংশ কর্মস্থলে না গিয়ে নিয়মিত বেতন-ভাতা তুলে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। লাইনে কঠোর শ্রম দেওয়ার কথা থাকলেও অনেকে বিভিন্ন নেতার দপ্তরে কিংবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে কর্মস্থলে অনুপস্থিত থেকে মাস শেষে বেতন তুলছেন। আর মাসোহারা দিয়ে বছরের পর বছর চাকরি ধরে রেখেছেন। রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু অসাধু কর্মচারী শ্রমিক দলের নাম ভাঙিয়ে কিংবা তথাকথিত সংস্কারপন্থি গ্রুপের লেবাস ধরে সুবিধা নিচ্ছেন। এতে রেলওয়ে বড় ধরনের লোকসান ও ক্ষতির সম্মুখীন হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী-১-এর অধীনে গ্যাং নম্বর ১৪-তে মাত্র তিন থেকে চারজন কর্মী কাজ করছেন। রেলওয়ের পূর্বাঞ্চলের বাংলাবাজার এলাকায় এসআরভি রেলস্টেশনে সিজিপিওয়াই গ্যাংয়ের অধীনে ৯ জন রেলপথকর্মী নিয়োজিত থাকার কথা। কিন্তু সেখানে একজন ওয়েম্যান কাজ করছেন। একই চিত্র দেখা গেছে এসএসএই (ওয়ে) চট্টগ্রাম ও এসএসএই (ওয়ে)-ষোলশহরসহ প্রতিটি দপ্তরে। প্রশাসনের নাকের ডগায় এই নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে রেলপথ। এর আগে একবার ওয়েম্যানদের নিজ নিজ কর্মস্থলে ফেরার আদেশ জারি করা হয়েছিল, কিন্তু সে আদেশ মানেননি রেলের কিছু অসাধু কর্মচারী। এতে যারা রেলপথে নিয়মিত কাজ করছেন, তাদের ওপর বাড়তি কাজের চাপ পড়ছে।

সাধারণ কর্মচারীদের মতে, মাঠপর্যায়ের কর্মকর্তারাই মূলত এসব অনিয়মের সঙ্গে জড়িত। স্থানীয় এসএসএই (সিনিয়র সাব-আ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) বা এইএন (আ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) পর্যায়ের কর্মকর্তারা যদি কঠোরভাবে তদারকি না করেন, তাহলে প্রধান প্রকৌশলীর একক প্রচেষ্টায় দীর্ঘদিনের ফাঁকিবাজির সংস্কৃতি বন্ধ করা সম্ভব নয়।

অবস্থাদৃষ্টে দেখা যাচ্ছে, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের অনিয়ম দেখার যেন কেউ নেই। রেলওয়ের প্রাতিষ্ঠানিক কাঠামোর অভ্যন্তরীণ বিভিন্ন তথ্য দিতেও অপারগ অনেক কর্মকর্তা। কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বে অবহেলা করলেও তারা নিয়মিত মাসোহারা দিয়ে তাদের চাকরি ঠিক রাখেন। এ কারণে তাদের চাকরি হারানোর কোনো ঝুঁকি থাকে না। এ পরিস্থিতিতে অরক্ষিত রেলপথকে সুরক্ষিত করতে এবং অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কর্মকর্তা ও কর্মচারীরা যাতে তাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করেন, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ওপর নজরদারি বাড়াতে হবে। অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা চাই, দুর্ঘটনা নয়, অরক্ষিত রেলপথ সুরক্ষিত হোক। নিরাপদ হোক যাত্রীদের রেল ভ্রমণ। 

মূল্যস্ফীতি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০১:১১ পিএম
বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে

জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য বাজেট উত্থাপিত হয়েছে। এবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন হয়েছে। প্রস্তাবিত বাজেটের আকার আগের অর্থবছরের তুলনায় বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, বর্তমানে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২ শতাংশ। আর পয়েন্ট টু পয়েন্ট হিসাবে ৯ দশমিক ৪ শতাংশ, যা এখনো উচ্চ মূল্যস্ফীতির ইঙ্গিত দেয়। প্রস্তাবিত বাজেটে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। মূল্যস্ফীতি কমানো নিয়ে অর্থমন্ত্রী বাজেটোত্তর সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেছেন, বাজার বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারি লোক দিয়ে পিটিয়ে করার বিষয় না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে সঠিক নীতি, ব্যবস্থাপনা ও বিনিয়োগ বাড়াতে হবে। ব্যবসায় খরচ কমাতে হবে। এতে একদিকে কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে মানুষের আয় বাড়বে। বাজারে পণ্য সরবরাহ বাড়বে। আর এভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অর্থাৎ এবারের বাজেটে মূল্যস্ফীতি কমানোর ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অপরদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)ও বাজেটোত্তর সংবাদ সম্মেলন করেছে। টানা চার বছরের উচ্চ মূল্যস্ফীতিকে নতুন অর্থবছরে ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে আটকে রাখার যে লক্ষ্য ঠিক রেখেছে বিএনপি সরকার, তা পূরণে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে সিপিডি।

সিপিডির মতে, দেশের মূল্যস্ফীতি মূলত সরবরাহজনিত; যা শুধু মুদ্রানীতি কঠোর করে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ব্যয়ের মাধ্যমে যদি উৎপাদনশীলতা, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ে, তাহলে মানুষের ক্রয়ক্ষমতা টেকসইভাবে উন্নত হবে। অন্যথায় অতিরিক্ত ব্যয় কেবল মূল্যস্ফীতির চাপই বাড়াতে পারে। এ প্রেক্ষাপটে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনতে রাজস্ব, মুদ্রা ও সরবরাহব্যবস্থা সংশ্লিষ্ট সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। এর জন্য সাশ্রয়ী দামে পর্যাপ্ত খাদ্য ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে অন্যতম বড় চ্যালেঞ্জ। এ ছাড়া মূল্যস্ফীতির প্রত্যাশা নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংককে আরও কিছু সময় সংকোচনমূলক মুদ্রানীতি বজায় রাখতে হতে পারে। একইভাবে রাজস্বনীতি এমনভাবে পরিচালনা করতে হবে যেন সরকারি ব্যয় বৃদ্ধি বাংলাদেশ ব্যাংকের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে দুর্বল না করে।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ, সংস্কারমুখী ও ব্যবসাবান্ধব বলে মনে করে। তাদের মতে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানিসংকট, আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগে স্থবিরতার প্রেক্ষাপটে অর্থনীতিকে পুনর্জীবিত করতে সরকারের গৃহীত সংস্কারমুখী উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। 
সরকারি নীতিনির্ধারকদের মতে, আগামী দশকের অর্থনীতি সামনে রেখে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ এবং ‘ডিজিটাল ইকোনমি’ গড়ে তোলাই এ বাজেটের অন্যতম কৌশলগত লক্ষ্য। বিএনপির নেতারা মনে করেন, বিগত ১৭ বছরে অর্থনীতির যে স্থবিরতা ও আস্থার  সংকট তৈরি হয়েছিল, এই বাজেট তা কাটিয়ে ওঠার একটি কাঠামোগত রূপরেখা। বর্তমান সরকার এই বাজেটের মাধ্যমে তিনটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে–জনগণের কাছে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার, বিনিয়োগকারীদের কাছে স্থিতিশীলতার বার্তা এবং আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের কাছে একটি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রূপরেখা উপস্থাপন। এদিকে মূল্যস্ফীতি সত্ত্বেও করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা ও সর্বোচ্চ আয়কর ৩৫ শতাংশ নির্ধারণ হতাশাজনক বলে কেউ কেউ মনে করেন।

দেশের উচ্চ মূল্যস্ফীতি, ডলারসংকট, ব্যাংকিং খাতে দুর্বলতা, জ্বালানি অনিশ্চয়তা এবং রাজনৈতিক প্রশাসনিক জটিলতার কারণে বেসরকারি বিনিয়োগ দীর্ঘদিন ধরেই প্রত্যাশিত গতিতে বাড়ছে না। এ অবস্থায় সরকার দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে বেশ কিছু উদ্যোগের কথা বলেছে। পাশাপাশি বন্ধ শিল্পকারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজও দিয়েছে সরকার। সরকার প্রশাসনিক বাধা কমিয়ে বিনিয়োগের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে পারলে অর্থনীতির সামষ্টিক স্থিতিশীলতা ফিরে আসবে। 
দেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কর-জিডিপি অনুপাত বৃদ্ধি এবং করব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। গত শনিবার ‘প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬-২৭-এর ওপর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের ভাবনা শীর্ষক সম্মেলনে বলা হয়েছে, খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের পণ্য সরবরাহের ক্ষেত্রে দশমিক ২ শতাংশ হারে কর কেটে রাখা হলে তা মূল্যস্ফীতি বাড়াতে পারে।

বাজেটোত্তর পর্যালোচনায় আমরা দেখেছি, বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন উচ্চ মূল্যস্ফীতি কমাতে নানামুখী পদক্ষেপের কথা বলেছেন। উচ্চ মূল্যস্ফীতি মাথায় রেখে সরকারও নিত্যপণ্যের দাম কমাতে নানা উদ্যোগ নিয়েছে। তবে এটি নিয়ন্ত্রণে রাখতে হলে করছাড়ই যথেষ্ট নয়, সেই সঙ্গে বাজার ব্যবস্থাপনা ও সরবরাহ শৃঙ্খলও সঠিকভাবে কার্যকর করতে হবে। অভ্যন্তরীণ চ্যালেঞ্জের পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলা করেও সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে। আশা করছি, সরকার মূল্যস্ফীতি কমাতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করতে সক্ষম হবে।

নিঃসঙ্গ মৃত্যু বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক নিশ্চিত আশ্রয়

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:০৬ পিএম
বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক নিশ্চিত আশ্রয়

সম্প্রতি দেশে বেশ কিছু মৃত্যু নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে যে বিষয়টি আলোড়ন সৃষ্টি করে তা হলো মিরপুরের ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মৃত্যু। তার সন্তানরা উচ্চশিক্ষিত হলেও তিনি জীবনের শেষ মুহূর্তে ছিলেন নিঃসঙ্গ। তার মৃত্যুর কয়েক দিন পরই একই এলাকার ৫৫ বছর বয়সী আফরোজা নামের আরেক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক তারেক শামসুর রেহমানও জীবনের শেষ মুহূর্তে ছিলেন নিঃসঙ্গ। মৃত্যুর পর কয়েক দিন ধরে বন্ধ ঘরে পড়ে থাকা কোনো বৃদ্ধ বা বৃদ্ধার মরদেহ শুধু একটি পারিবারিক ট্র্যাজেডি নয়; এটি সমাজের মূল্যবোধ ও মানবিকতার জন্য এক গভীর ক্ষতচিহ্ন। এ ঘটনাগুলো শুধু কয়েকজন মানুষের মৃত্যুর গল্প নয়। এগুলো এমন এক সমাজের প্রতিচ্ছবি, যেখানে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, জীবনযাত্রার মান বাড়ছে, কিন্তু পারিবারিক সম্পর্কের উষ্ণতা ক্রমেই সংকুচিত হচ্ছে। 

দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ১ কোটি ৪ লাখেরও বেশি, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৬ দশমিক ১৪ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক দশকে এ সংখ্যা আরও বাড়বে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এবং বিভিন্ন আন্তর্জাতিক গবেষণার তথ্য অনুযায়ী ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা সাড়ে তিন থেকে চার কোটিরও বেশি হবে। তখন দেশের মোট জনসংখ্যার প্রায় ২০ থেকে ২২ শতাংশই হবেন প্রবীণ। আমাদের দেশে অনেক বৃদ্ধ বাবা-মা একাকী জীবন কাটান। অনেক বৃদ্ধ বাবা-মায়ের সন্তান বিদেশে প্রতিষ্ঠিত। কিন্তু অনেকেই আছেন, যারা বাবা-মায়ের দায়িত্বে অবহেলা করেন। বৃদ্ধ বয়সে বাবা-মায়ের খোঁজ না রাখা যতটা অমানবিক ততটা সামাজিক অন্যায়ও। বিশ্বায়নের প্রভাবে নগরজীবনের যেমন ব্যস্ততা বাড়ছে, সেই সঙ্গে দায়িত্ববোধের ঘাটতি, সম্পর্কের দূরত্বও সামনে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, বৃদ্ধ বয়সে মানুষের সবচেয়ে বড় প্রয়োজন কেবল অর্থ নয়, দরকার মানসিক নিরাপত্তাও।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনজুমান আরা বলেন, আধুনিক সমাজে বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। জাপান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে ওল্ড হোম বা বৃদ্ধাশ্রম খুবই স্বাভাবিক একটি ব্যবস্থা। আমাদের দেশেও এখন অনেক আধুনিক বৃদ্ধাশ্রম গড়ে উঠছে। সন্তানরা কর্মজীবন বা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতেই পারেন, সেটা অপরাধ নয়। তবে বাবা-মায়ের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। যাদের সামর্থ্য আছে, তারা চাকরিজীবনের শুরু থেকেই ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারেন। পেনশন বা আয়ের একটি অংশ প্রবীণ বয়সে নিরাপদ আবাসনের জন্য সঞ্চয় করা যেতে পারে। 

পরিসংখ্যান থেকে বোঝা যায়, আগামী বাংলাদেশ হবে বয়স্ক মানুষের বাংলাদেশ। সে কারণে বাবা-মায়ের ভরণপোষণ আইন নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাবা-মায়ের ভরণপোষণ আইন-২০১৩ অনুযায়ী সক্ষম সন্তানদের বাবা-মায়ের ভরণপোষণের দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে অবহেলা করলে শাস্তির বিধানও রয়েছে। আমাদের দেশের বাবা-মায়েরা চান না সন্তানরা শাস্তি পাক। তারা ভালোবাসার এক নিরাপদ আশ্রয় খোঁজেন। আমাদের বাব-মায়েরা নিঃসঙ্গতার অন্ধকারে ডুবে না যাক, সন্তানদের কাছেই হোক তাদের শেষ আশ্রয়। আমরা সবাই চাই এমন এক মানবিক ও নিরাপদ সমাজব্যবস্থা গড়ে উঠুক, যেখানে বৃদ্ধাশ্রম নয়, প্রত্যেক বাবা-মা তার সন্তানের কাছে নিরাপদ আশ্রয় খুঁজে পাবেন।