অনুচ্ছেদ লিখন
স্বাধীনতা দিবস
স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের গৌরব ও তাৎপর্যময় দিন। বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ। এ দিনটি জাতীয় জীবনের ঐতিহ্য, অগ্রগতি ও বিকাশের প্রতীক। এটি একটি মর্যাদাপূর্ণ দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদারবাহিনীর অতর্কিত আক্রমণে ঢাকা শহর এক বধ্যভূমিতে পরিণত হয়। এ দেশের মানুষ তখন উপলব্ধি করে যে স্বাধীনতা ছাড়া সম্মানজনকভাবে বেঁচে থাকার কোনো উপায় নেই। সে জন্য ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় এবং শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জিত হয় পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের
আরো পড়ুন : নারী শিক্ষা বিষয়ক অনুচ্ছেদ লিখন নিয়ে আলোচনা, ৫ম পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ২য় পত্র
মধ্য দিয়ে। বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। প্রতিবছর এ মহান দিনটি লাখো শহিদের স্মৃতি নিয়ে আমাদের সামনে দেখা দেয়। জাতীয় মর্যাদায় উদযাপিত হয় দিবসটি। কিন্তু আমাদের মনে রাখা দরকার, কী উদ্দেশ্য এবং পটভূমিকায় এই মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। দেশের সব শ্রেণির মানুষের কাছে স্বাধীনতাকে যদি অর্থবহ করে তোলা যায়, যদি সবাই স্বাধীনতার আনন্দ উপভোগ করতে পারে, তবেই স্বাধীনতা দিবসটি সার্থক হয়ে উঠবে।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর