প্রিয়ন্তী উর্বীর অভিনয়ের পথচলা শুরু হয় অনিরুদ্ধ রাসেলের পরিচালনায় ‘ভেজা বেড়াল’ নাটকের মাধ্যমে। শ্যামল মাওলা ও কচি খন্দকারের সঙ্গে প্রথম নাটকে অভিনয় করেই দর্শকের দৃষ্টি কাড়তে সক্ষম হন। তবে তিনি বেশি আলোচনায় আসেন মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘কোথায় পালাবে বলো রূপবান’ ফিল্মে নাম ভূমিকায় অভিনয় করে।
এরপর তার কাছে একের পর এক স্ক্রিপ্ট আসতে শুরু করে। তার অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘পোর্ট্রেট’, ‘মধ্যরাতের মেয়েটি’, ‘বুক পকেটের গল্প’, ‘তোমারই সাথে’, ‘টেক অফ’, ‘বিশেষ অতিথি’, ‘বয়স আমার বেশি না’, ‘এক্স যখন ব উ’, ‘ঢাকাইয়া পোলা’ ইত্যাদি। ওটিটিতে প্রকাশিত ‘অপলাপ’ ফিল্মটিতেও তার অভিনয় বেশ প্রশংসিত হয়।
উর্বীর ভাষ্য এমন যে তিনি ভালো ভালো গল্পের কাজ করেই একজন পূর্ণাঙ্গ অভিনেত্রী হতে চান। ভালো অভিনয় করে তিনিই দেশের শীর্ষ স্থানীয় একজন অভিনেত্রী হতে চান। যে কারণে ভালো গল্পের প্রতি তার যেমন ভীষণ মনোযোগ রয়েছে ঠিক তেমনি ভালো গল্পে তার চরিত্রটাও যেন গল্পের সঙ্গে সামঞ্জস্য পারফেক্ট একটি চরিত্র হয় সেদিকেও তার শতভাগ মনোযোগ থাকে। ঠিক তেমনি একটি ভালো লাগার গল্পের নাটক ‘কিছু বলবে কি?’ নাটকটির গল্প আফনান শুভর। এটি চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন এবং পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি। এই নাটকে উর্বীর সঙ্গে অভিনয় করছেন আরশ খান। ইতোমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।
নাটক প্রসঙ্গে উর্বী বলেন, ‘আরশ অভিনয়ে খুব ভালো, পাশাপাশি ভীষণ সহযোগিতা পরায়ণও বটে। মেহেদী হাসান জনি ভাইয়ের নির্দেশনায় আমার প্রথম কাজ। কাজ করে ভালো লেগেছে। আশা করছি নাটকটি ভালো লাগবে দর্শকের।’
কলি